কুমিল্লায় প্রাথমিক শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত
কুমিল্লা জেলায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক-সংকট প্রকট আকার ধারণ করেছে। জেলার ২৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষক নেই। এ ছাড়া সহকারী শিক্ষকেরও ৩৫০টি পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়গুলোতে দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীরা যথাযথভাবে পড়াশোনা করতে পারছে না। অনেক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকেরা পাঠদানে ঢিলেমি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী মনিটরিং কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, জেলায় এক হাজার ৩৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এগুলোর মধ্যে চৌদ্দগ্রাম উপজেলায় ৪৮টি, দাউদকান্দিতে ৩২, বরুড়ায় ২৪, মনোহরগঞ্জে ২৩, ব্রাহ্মণপাড়ায় ১৬, নাঙ্গলকোটে ১৪, তিতাসে ১৫, হোমনায় ১২, বুড়িচংয়ে ১১, চান্দিনায় ৮, আদর্শ সদরে ৭ ও সদর দক্ষিণে চারটি এবং দেবীদ্বার ও মুরাদনগরে ২০টি করে এবং লাকসাম ও মেঘনায় ১০টি করে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই।
মনোহরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা অর্জুন কুমার মন্ডল বলেন, মনোহরগঞ্জ উপজেলায় ৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৩টিতে প্রধান শিক্ষক নেই। একই সঙ্গে এ উপজেলায় সহকারী শিক্ষকের ৬৪টি পদ শূন্য রয়েছে। এ ছাড়া জাতীয়করণ হওয়া নতুন বিদ্যালয়গুলোতেও শিক্ষক-সংকট রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক এ প্রতিবেদককে জানান, দিনের পর দিন প্রধান শিক্ষকের পদ শূন্য থাকলেও সেগুলো পূরণ করা হচ্ছে না। প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকেরা পাঠদানের ক্ষেত্রে ঢিলেমি করছেন। এতে করে শিক্ষার্থীরা যথাযথভাবে পড়াশোনা করতে পারছে না। অবিলম্বে পদগুলো পূরণ করা উচিত।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষক সমিতির মহাসচিব ও কুমিল্লার আদর্শ সদর উপজেলার মনোহরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা আক্তার বলেন, পদোন্নতির জটিলতার কারণে প্রধান শিক্ষকের পদগুলো শূন্য রয়েছে। শিগগিরই এগুলো পূরণ হবে। সহকারী শিক্ষকের পদগুলোও পূরণ হওয়ার পথে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম বলেন, আইনগত জটিলতার কারণে প্রধান শিক্ষকের পদগুলো শূন্য ছিল। এখন ওই জটিলতা দূর হয়েছে। সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে। ফল প্রকাশ হওয়ার পর চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। তখন শিক্ষক-সংকট থাকবে না। সরকার শিক্ষক-সংকট দূর করার জন্য চেষ্টা চালাচ্ছে।