কুমিল্লায় প্রাথমিকে সেরা বুড়িচং ইবতেদায়িতে মেঘনা উপজেলা
কুমিল্লা জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বুড়িচং এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের দিক থেকে মেঘনা উপজেলা শীর্ষে রয়েছে। দুই উপজেলায়ই শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনীতে জেলায় গড় পাসের হার ৯৯ দশমিক ২৬। সর্বনিম্ন পাসের হার মনোহরগঞ্জ উপজেলায় ৯৫ দশমিক ৯৭। জেলায় জিপিএ-৫ পেয়েছে মোট ১৬ হাজার ১৬৮ জন শিক্ষার্থী। অন্যদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় মেঘনা উপজেলার শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়। এ জেলায় ইবতেদায়িতে পাসের হার ৯৫ দশমিক ৭২। সর্বনিম্ন পাসের হার তিতাস উপজেলায়। সারা জেলায় জিপিএ-৫ পেয়েছে ২৬১ জন। গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এবারও ভালো ফল করেছে।
কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষার জন্য ১ লাখ ২৪ হাজার ৫০০ জন নাম নিবন্ধন করে। এর মধ্যে কৃতকার্য হয় ১ লাখ ২৩ হাজার ৬০৭ জন ও অকৃতকার্য হয় ৮৯৩ জন। বুড়িচং উপজেলায় ৬ হাজার ৭২২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৪৭ জন। পাসের হার শতভাগ।
কুমিল্লা জেলায় ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৭ হাজার ৯৮৪ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ফেল ৩৮৬ জন ও অনুপস্থিত ১ হাজার ৯৯৬ জন। মেঘনা উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। পাসের হার শতভাগ।
কুমিল্লা জিলা স্কুল থেকে পিএসসিতে ৩৭২ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৬২ জন। নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২০৮ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯৪ জন।
কুমিল্লার বরুড়া উপজেলার নলুয়া মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাফিয়া খাতুন বলেন, পাঠদানে বৈচিত্র্য ও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতির থাকায় ভালো ফল এসেছে।
দাউদকান্দির স্বল্পপেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার বলেন, অভিভাবকেরা আগের তুলনায় এখন শিক্ষার্থীদের প্রতি বেশি যত্নবান। শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় গ্রামাঞ্চলে ফল ভালো হচ্ছে।