কুমিল্লায় ফসলি জমি ও জনবসতি এলাকায় তৈরি হচ্ছে ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের অনুমোদন ছাড়াই কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর নিশ্চিন্তপুর এলাকায় অবৈধভাবে তৈরি হচ্ছে ইটের ভাটা। মধ্যম নিশ্চিন্তপুর গ্রামের ওবায়েদ উল্লাহ ও ইকবাল হোসেন সহোদর ওই ইটভাটা তৈরি করছেন। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী অবৈধ ইটভাটা তৈরি বন্ধের দাবিতে প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে। গতকাল রোববার দুপুরে সরেজমিনে দেখা গেছে, উপজেলার ভুলুইন দক্ষিণ ইউনিয়নের উত্তর নিশ্চিন্তপুর, মধ্যম নিশ্চিন্তপুর, গোলাচৌ ও মোস্তফাপুর মৌজার মধ্যবর্তী স্থানের ফসলি জমির ওপর স্তূপ করে ইট তৈরির জন্য মাটি রাখা হচ্ছে। সেখানে আটটি ট্রাক্টরে করে মাটি আনা হচ্ছে। ১৫ দিন ধরে সেখানে ওই কাজ করা হচ্ছে। গতকাল রোববারও আটটি ট্রাক্টরে করে মাটি আনা-নেওয়া করা হয়। এতে ওই এলাকার ফসলি জমিসহ জনবসতি হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে পরিবেশ বিপর্যয় হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ট্রাক্টরের চালক রতনপুর গ্রামের বাসিন্দা খোরশেদ হোসেন জানান, ‘১৫ দিন ধরে ওই এলাকার বিভিন্ন ফসলি জমি থেকে আমরা ট্রাক্টরে করে মাটি এনে রাখছি। মাটি রাখার পরই ইটভাটার কাজ শুরু হবে।’ উদ্ভূত পরিস্থিতিতে গ্রামবাসী ৮ জানুয়ারি কুমিল্লার জেলা প্রশাসক, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছে। স্থানীয় বাসিন্দা রশিদ মিয়া, মনির হোসেন, সফিকুর রহমান, মমতাজ উদ্দিন, ছানাউল্লাহ ও হরমুজ মিয়া জানান, এখানে ইটভাটা হলে তাঁদের তিন ফসলি জমি নষ্ট হয়ে যাবে। জমির উর্বরতা কমে যাবে। একই সঙ্গে ধানের ভালো ফলন হবে না। তা ছাড়া আশপাশের বাড়িঘর দূষিত হয়ে যাবে। পার্শ্ববর্তী গোলাচৌ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে ইটভাটার ধোঁয়া লাগবে। এতে কোমলমতি শিশুরা নানা ধরনের রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ইটভাটার স্বত্বাধিকারীদের একজন ওবায়েদ উল্লাহ বলেন, ‘অনুমতি না নিয়ে আমরা মাটি এনে রাখছি। ইটভাটা তৈরির পর অনুমোদন নেব।’ অনুমোদন না নিয়ে ইটভাটা তৈরি করা ঠিক কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা কোনো অবস্থাতেই ঠিক নয়। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম খান প্রথম আলোকে বলেন, ‘এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পর গত বৃহস্পতিবার আমি তাদের নোটিশ করেছি। কাগজপত্র দেখাতে না পারলে ইটভাটা তৈরির কাজ বন্ধ করে দেওয়া হবে। কোনো ধরনের অনুমোদন না নিয়েই তারা ওই কাজ করছে।’পরিবেশ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক শওকত আরা কলি বলেন, ‘অবস্থানগত ছাড়পত্র নেওয়ার আগে কোনো ধরনের কাজ করা ঠিক নয়। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান বলেন, ‘পরিবেশ বিপর্যয় ও কৃষিজমি নষ্ট করে কোনো অবস্থাতেই জনবসতি এলাকায় ইটভাটা তৈরি করতে দেওয়া হবে না। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখব।’