কুমিল্লায় বইমেলার উদ্বোধন
প্রথমা প্রকাশনের উদ্যোগে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ছয় দিনব্যাপী কুমিল্লা বইমেলা। বিকেল চারটায় কুমিল্লা টাউন হলের মুক্তিযুদ্ধ কর্নারে ওই মেলার উদ্বোধন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশীদ।
আয়োজকদের সূত্রে জানা গেছে, ২৬ মার্চ এ বইমেলা শেষ হবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। পরে বিশিষ্ট প্রাবন্ধিক ও লেখক শান্তিরঞ্জন ভৌমিকের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়।
আলোচনা সভায় লেখক আলী হোসেন চৌধুরী, জহিরুল হক, সৈয়দ আবদুল কাইয়ুম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মেহেদী হাসান, একই বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান ভূঁইয়া, কুমিল্লার বীরচন্দ্রনগর মিলনায়তন ও গণপাঠাগারের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সভাপতি আলী আকবর মাসুম, ধনুয়াখোলা আদর্শ কলেজের অধ্যক্ষ শামীম হায়দার, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মোস্তাক আহমদ, কুমিল্লা মডেল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক জহির উদ্দিন বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর কুমিল্লা কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক গাজীউল হক।
অনুষ্ঠানে বিশিষ্ট নজরুল গবেষক আলী হোসেন চৌধুরী বলেন, ‘নতুন করে বই ভাববার প্রেরণা জোগায়। বই পড়া হয় না বলেই এত রুচিহীনতা, এত কালিমা। তাই বই পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নেই। পড়লেই সব অন্ধকার দূর হবে।’
মেলার আয়োজকেরা জানিয়েছেন, উদ্বোধনের পরই মেলায় বই বিক্রি শুরু হয়। প্রথমা প্রকাশনের ভাষারীতি বইয়ের চাহিদা মেলায় বেশি লক্ষ করা গেছে। মেলা সবার জন্য উন্মুক্ত। প্রথমা প্রকাশনের বই সর্বনিম্ন ৩০ শতাংশ থেকে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ব্যবস্থা রয়েছে। মেলায় প্রথমার বাইরে অন্যান্য প্রকাশনীর বইও কম দামে পাওয়া যাবে।