কুমিল্লায় বর্ষবরণের ব্যাপক প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কুমিল্লার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বর্ষবরণকে কেন্দ্র করে কুমিল্লার খাদি দোকান, বিজয়পুরের মৃৎশিল্প ও হোমনার বাঁশি তৈরির কারখানাগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ করা গেছে।
জানা গেছে, আজ সোমবার সকাল ১০টায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও কুমিল্লা সাংস্কৃতিক জোটের উদ্যোগে ধর্মসাগরে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। কুমিল্লা সাংস্কৃতিক জোট ধর্মসাগরের দক্ষিণ পাড়ে দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠান হবে পৌর পার্কের জামতলায়। কুমিল্লা স্টেশন ক্লাব, জেলা শিল্পকলা একাডেমী, কুমিল্লা ক্লাব, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বিএমএ ও নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পয়লা বৈশাখ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। কুমিল্লা টাউন হল মাঠেও হচ্ছে বৈশাখী মেলা।
এদিকে বছরের শেষ দিনে গতকাল রোববার নগরের কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ ও লাকসাম সড়কের খাদি দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। খাদির ফতুয়া ও পাঞ্জাবি বিক্রি হচ্ছে দেদার। সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী বলেন, বাংলা নববর্ষকে কেন্দ্র করে নগরে আয়োজনের পরিসর বেড়েছে।