কুমিল্লায় বাইপাস সড়কের নির্মাণকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলি থেকে নগরের টিক্কারচর পর্যন্ত হবে বাইপাস সড়কটি। গতকাল সোমবার দুপুর ১২টায় নগরের চানপুর এলাকায় সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু।

১৯ কোটি ১৮ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে গোমতী নদীর বাঁ বাঁধের ১০ দশমিক ৩০ কিলোমিটার অংশের ওপর দিয়ে সড়কটি নির্মিত হচ্ছে ।

নগর ভবনের প্রকৌশলীরা বলেছেন, সড়কটি নির্মিত হলে শহরের ওপর যানবাহনের চাপ কমবে। নগরবাসী অসহনীয় যানজট থেকে রক্ষা পাবে। গোটা এলাকা বিনোদনের প্রাণকেন্দ্রে পরিণত হবে।

নগর ভবন সূত্রে জানা গেছে, নগরে প্রতিদিন অন্তত ৫০ হাজার যানবাহন চলাচল করে। এসব যানবাহনের কারণে নগরের প্রধান-অপ্রধান সব সড়কেই যানজট লেগে থাকে। এ অবস্থা থেকে উত্তরণ, বিবিরবাজার স্থলবন্দরে ভারী যানবাহনের চলাচল এবং পূর্বাঞ্চলের যোগাযোগব্যবস্থা সুদৃঢ় করার জন্য গত বছরের ১৪ জুন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে কুমিল্লা সিটি করপোরেশনের একটি চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী, গোমতী নদীর বাঁ বাঁধের ১০ দশমিক ৩০ কিলোমিটার অংশের সড়ক উন্নয়নের জন্য সিটি করপোরেশন মিউনিসিপ্যাল গভর্ন্যান্স অ্যান্ড সার্ভিসেস প্রজেক্টের (এমজিএসপি) অধীনে দরপত্র আহ্বান করে। ২০১৬ সালের ৩০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়। এ পর্যন্ত ২০ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০১৮ সালের ১৯ জানুয়ারি ওই কাজ শেষ হওয়ার কথা।

সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মো. নুরুল্লাহ বলেন, সড়কটির প্রস্থ ৮ মিটার হবে। এর মধ্যে ৬ মিটার পাকা ও সড়কের দুই পাশে ১ মিটার করে কাঁচা থাকবে। পুরো সড়কে আলোকসজ্জা করা হবে। ১৭টি স্থানে সংযোগ সড়ক থাকবে। এসব এলাকায় বিনোদনের জন্য মিনি পার্ক ও বসার জায়গা নির্মাণ করা হবে।

পাউবো গোমতী পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল আমিন বলেন, সিটি করপোরেশনকে সড়ক নির্মাণ করতে অনুমোদন দেওয়ায় গোমতী নদীর দক্ষিণ বাঁধ রক্ষা পাবে। এখন আর সড়কের ওই অংশ থেকে কেউ মাটি ও বাঁধ কেটে ট্রাক্টরে করে নিয়ে যেতে পারবে না।

মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, নগরবাসীকে যানজটমুক্ত রাখতে ও গোমতী নদীর অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি শেষ হলে দৃষ্টিনন্দন ওই সড়ক দেখতে প্রতিদিন ভিড় করবে শত শত দর্শনার্থী।