কুমিল্লায় বার্ড ফ্লুর কারণে ১৫ হাজার মুরগি নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া মেসার্স তাহেরা পোলট্রি কমপ্লেক্সের ১৫ হাজার ৪২৪টি মুরগি নিধন করা হয়েছে। বার্ড ফ্লু দেখা দেওয়ায় এসব মুরগি নিধন করা হয়েছে। গত বুধবার রাত ১১টায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার উপস্থিতিতে ওই সব মুরগি নিধন করা হয়। তবে ওই পোলট্রি কমপ্লেক্সের মালিক কুমিল্লার আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ মিয়া প্রথম আলোকে জানান, বার্ড ফ্লুয়ে আক্রান্ত মুরগির সংখ্যা কমপক্ষে ৪২ হাজার হবে। কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র কুমার সাহা গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘বার্ড ফ্লুয়ে আক্রান্ত মুরগির সংখ্যা ১৫ হাজার ৪২৪টি। প্রশাসনের সহযোগিতায় ওই সব মুরগি শনাক্ত করে আমরা সেখানেই মাটিতে পুঁতে ফেলি। ওই পোলট্রি কমপ্লেক্সে আগামী তিন মাস কোনো ধরনের মুরগি রাখা যাবে না। বর্তমানে এনটিসেপটিক দিয়ে সেখানে পর্যবেক্ষণ করা হচ্ছে।’পোলট্রি কমপ্লেক্সের মালিক মো. ইলিয়াছ মিয়া জানান, এখানে ৫০ হাজার মুরগি আনা হয়েছিল। মার্চের প্রথম সপ্তাহ থেকে বার্ড ফ্লুয়ে আক্রান্ত হয়ে প্রাথমিকভাবে আট হাজার মুরগি মারা যায়। এরপর আমরা মুরগির রাণীক্ষেত রোগের ওষুধ দিই। কিন্তু তাতে কাজ না হওয়ায় প্রাণিসম্পদ বিভাগের শরণাপন্ন হই। তারা এসে মুরগির বার্ড ফ্লু হয়েছে বলে শনাক্ত করে। এরপর মুরগি নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আমার এক কোটি ৬৮ লাখ টাকা ক্ষতি হয়েছে।