কুমিল্লায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আটজন।

আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, ঢাকা থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়। আহত ব্যক্তিদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। নিহত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সালের ভাষ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি চার লেন হলেও ট্রাকটি ভুল দিক দিয়ে ঢুকে পড়ে। এতে এ দুর্ঘটনা ঘটে।

ওসি জানান, দুজনের লাশ চৌদ্দগ্রাম থানায় ও একজনের লাশ ফেনী সদর হাসপাতালে রয়েছে।