কুমিল্লায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার পূর্ব বাতাবাড়িয়া (খিলা-সংলগ্ন) এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার বিকেল চারটায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের লাকসাম ও কুমিল্লার কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে হতাহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনোহরগঞ্জের পূর্ব বাতাবাড়িয়া এলাকায় ঢাকা থেকে নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ বাসের তিন যাত্রী নিহত হন। এ ছাড়া আহত হন ওই বাসের অন্তত ১০ যাত্রী। দুর্ঘটনার খবর পেয়ে লালমাই মহাসড়ক (হাইওয়ে) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

লালমাই মহাসড়ক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট ইব্রাহিম খলিল প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছি। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত হতাহত ব্যক্তিদের কোনো পরিচয় পাওয়া যায়নি।’