কুমিল্লায় বাস দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত, আহত ৩০
‘টানা তিন মেয়ের পর রাফসানের জন্ম। সারাক্ষণ কথা বলত ও। বাসা মাতায় রাখত। এখন বাবা আমার ঘুমায় আছে...’ ছেলের লাশ দেখে এভাবেই বিলাপ করছিলেন আবদুল কাইয়ুম। আর মা আসমা জাহান ছেলে হারিয়ে নির্বাক হয়ে গেছেন।
কুমিল্লা সেনানিবাস এলাকায় অবস্থিত ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বহন করা একটি বাস গতকাল শনিবার সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্র এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে রাফসান জানি ইবনে কাইয়ুম (১২) নিহত হয়। সে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। আহত হয় আরও অন্তত ৩০ শিক্ষার্থী। তাদের কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসে থাকা অন্য শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল সকালেও শহর থেকে শিক্ষার্থীদের তুলে ভাড়ায়চালিত কুমিল্লা ট্রান্সপোর্টের বাসটি ইস্পাহানী কলেজের দিকে যাচ্ছিল। সকাল পৌনে আটটার দিকে বাসটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত রাফসানের বাসা শহরের কুমিল্লা জিলা স্কুল সড়কের বধুয়া কমিউনিটি সেন্টার এলাকায়।
অভিভাবকদের ক্ষোভ: সিএমএইচের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আবদুল্লাহি রাফি আহমেদের বাবা দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বোরহান উদ্দিন। তিনি বলেন, ‘ছেলেটা স্কুলের বাসে যায়। তাই নিশ্চিন্ত থাকি। এখন ছেলেটা আইসিইউতে।’
বেলা দুইটায় দুর্ঘটনায় নিহত রাফসানের জিলা স্কুল সড়কের বাসায় গিয়ে শত শত অভিভাবকের ভিড় দেখা যায়। ক্ষুব্ধ অভিভাবকেরা অভিযোগ করেন, প্রতি মাসে বাসভাড়া বাবদ ৯০০ টাকা করে নেয় কলেজ কর্তৃপক্ষ। অথচ বাচ্চারা দাঁড়িয়ে আসা-যাওয়া করে। গতকালও ৪২ আসনের ওই বাসে প্রায় ৮০ শিক্ষার্থী ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক বলেন, দুর্ঘটনার পর বেলা একটা ৫০ মিনিট পর্যন্ত ক্লাস চলে। তাঁরা প্রশ্ন করেন, এত বড় দুর্ঘটনার পর এত নির্দয় হয় কী করে কলেজ কর্তৃপক্ষ?
অভিযোগ প্রসঙ্গে অধ্যক্ষ লে. কর্নেল মেহেদী হাসান বলেন, ‘বাসে নির্ধারিত আসনের বাইরে কেউ ওঠে না। অভিভাবকদের অভিযোগ ঠিক না। এগুলো গুজব ও েপ্রাপাগান্ডা। আর নিয়মানুযায়ী আমাদের দুইটা পর্যন্ত ক্লাস নিতে হয়েছে।’