কুমিল্লায় বাসা থেকে গৃহপরিচারিকার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের টমছম ব্রিজ এলাকার ত্রিকাল টাওয়ার থেকে নাসরিন আক্তার (১৮) নামের এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই টাওয়ারের সপ্তম তলা থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও ভবনের বাসিন্দারা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তালা দিয়ে ওই টাওয়ারের সপ্তম তলার বাসিন্দা বার্জার পেইন্ট কুমিল্লা শাখার ব্যবস্থাপক মশিউর রহমান ও তাঁর স্ত্রী ছয় মাসের শিশুসন্তানকে টিকা দেওয়ার জন্য কুমিল্লা জেনারেল হাসপাতালে যান। দুপুর ১২টার দিকে তাঁরা বাসায় ফেরেন। এরপর গৃহপরিচারিকা নাসরিন আক্তারকে বাসার বিভিন্ন কক্ষে খোঁজ করেন। পরে তাঁরা দেখেন বাসার বাথরুমের দরজা বন্ধ। অনেকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তাঁরা আশপাশের বাসিন্দাদের ডাকেন। এরপর বাথরুমের দরজা খুলে দেখেন নাসরিন ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছেন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ ও তদন্ত পরিদর্শক আইয়ুব হোসেন ঘটনাস্থলে যান। এরপর লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।