কুমিল্লায় বাড়িতে ঢুকে হামলা, লুটপাট
পূর্বশত্রুতার জের ধরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পশ্চিম জাঙ্গালিয়া গ্রামের আবদুল কাদেরের বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে গেছে একদল সন্ত্রাসী। একই সঙ্গে সন্ত্রাসীরা ওই ব্যক্তির ৪৮ শতক জমির করলা ও বেগুনখেত নষ্ট করে দেয়।এতে বাধা দিতে গেলে আবদুল কাদের (৫৫), তাঁর ছেলে মো. জহিরুল ইসলাম (৩০) ও জহিরুলের স্ত্রী তাছলিমা আক্তার (১৮) আহত হন। তাঁদের মধ্যে কাদেরের অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে আহত জহিরুল ইসলাম বলেন, ‘রোববার বেলা একটার দিকে মনশাসন গ্রামের ইউসুফ, কামাল, জসিম, ছনগাঁও গ্রামের শিপন ও স্বপনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের ঘরে জোর করে ঢুকে স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে যায়। এতে বাধা দিতে গেলে তারা আমার বাবা, স্ত্রী ও আমাকে মারধর করে। লুটপাটের পর সন্ত্রাসীরা আমাদের ৪৮ শতক জমির করলা ও বেগুনখেত নষ্ট করে। এ অবস্থায় ভয়ে আমরা অন্য বাড়িতে গিয়ে আশ্রয় নিই।’ এ ব্যাপারে ইউসুফ, কামাল, জসিম, শিপন ও স্বপনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গ্রামবাসী জানান, কয়েক বছর ধরে আবদুল কাদেরের সঙ্গে জমিজমা নিয়ে ইউসুফদের বিরোধ চলছে। ইউসুফেরা বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের বন্দে আলী মিয়ার কাছ থেকে এক একর ৫২ শতক জায়গা কিনেছে বলে দাবি করা হয়। বন্দে আলী মিয়া কাদেরের মামা বাদশা মিয়ার কাছ থেকে ওই জায়গা কিনেছে বলে প্রতিপক্ষ দাবি করেছে।ওই দাবি অস্বীকার করে আহত আবদুল কাদের বলেন, তাঁদের তিন একর পাঁচ শতক জায়গা আত্মসাৎ করতে একদল ভূমিখেকো ভুয়া কাগজপত্র সাজিয়ে হয়রানি করছে। এ ঘটনায় আদালতে পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। এর আগেও ওই পরিবারের জমি থেকে মাটি কেটে নেওয়া ও হামলার একাধিক ঘটনা ঘটেছে। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, লুটপাট, হামলা ও সবজিখেত নষ্ট করার কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।