বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কুমিল্লা-ঢাকা পথে চলাচলকারী শীতাতপনিয়ন্ত্রিত একটি বাসে ঢিল মেরে সামনের কাচ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। অন্যদিকে দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লার তিশা পরিবহনের একটি বাস বিআরটিসির বাসকে ধাক্কা মারে। গত মঙ্গলবার রাত ও গতকাল বুধবার সকালে পৃথক স্থানে ওই দুটি ঘটনা ঘটে। শত্রুতাবশত ব্যক্তিমালিকানাধীন বাসগুলো ওই হয়রানি করছে বলে অভিযোগ করেছেন বিআরটিসির কুমিল্লা ডিপোর ম্যানেজার (অপারেশন) মাসুদ তালুকদার।এদিকে কাল শুক্রবার আরও ১৫টি শীতাতপনিয়ন্ত্রিত বাস কুমিল্লায় আনা হচ্ছে। শনিবার সকাল থেকে বাসগুলো ঢাকা-কুমিল্লা পথে চলাচল করবে। এর আগে গত ২৭ আগস্ট ১০টি শীতাতপনিয়ন্ত্রিত বাস আনা হয়। এ নিয়ে ১৪ দিনের ব্যবধানে কুমিল্লায় বিআরটিসির ২৫টি বাস আনা হলো। বিআরটিসির কুমিল্লা ডিপোর ম্যানেজার মাসুদ তালুকদার গতকাল বুধবার সকালে তাঁর দপ্তরে বলেন, ‘শত্রুতাবশত ঢিল ছোড়া আর ধাক্কা মারা হচ্ছে। আমরা বিষয়টি স্থানীয় সাংসদ ও বিআরটিসির চেয়ারম্যানকে জানিয়েছি। কুমিল্লার যাত্রীরা এসি বাসে করে মাত্র ১৬০ টাকায় ঢাকায় আসা-যাওয়া করবে তা একটি মহল মেনে নিতে পারছে না। যে কারণে সরকারি বাহনকে বাধাগ্রস্ত করা হচ্ছে।’ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কুমিল্লা জেলার সভাপতি ও কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান বলেন, ‘সরকারি-বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন বাস সুষ্ঠুভাবে নিজ নিজ গন্তব্যে পৌঁছাবে। এতে কেউ বাধা দিলে আমরা ব্যবস্থা নেব।’