বিএনপি
মনিরুল হক সাক্কু
প্রাপ্ত ভোট ৬৮,৯৪৮
আওয়ামী লীগ
প্রাপ্ত ভোট ৫৭,৮৬৩
নতুন নির্বাচন কমিশনের অধীন প্রথম সিটি করপোরেশন নির্বাচনে জিতলেন বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু। গতকাল বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দিনের প্রথম ভাগে ভালো ভোট হলেও দুপুরের পর কিছু কিছু কেন্দ্রে প্রকাশ্যে সিল মারার অভিযোগ ওঠে।
দিন শেষে ভোটের বেসরকারি ফলাফলে মেয়র পদে মনিরুল হক সাক্কু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৮ হাজার ৯৪৮ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা নৌকা প্রতীক নিয়ে ১১ হাজার ৮৫ ভোটের ব্যবধানে হেরেছেন। তিনি মোট ভোট পান ৫৭ হাজার ৮৬৩। ভোটগ্রহণ হয়েছে মোট ৬৩ দশমিক ৯২ শতাংশ।
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পর প্রথম নির্বাচনটি হয় নারায়ণগঞ্জে, সেখানে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হন। মাত্র তিন মাসের মাথায় দ্বিতীয় সিটি করপোরেশন নির্বাচন কুমিল্লায় ক্ষমতাসীন আওয়ামী লীগ পরাস্ত হলো।
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সংঘাতহীন পরিবেশেই কুমিল্লার নির্বাচন সম্পন্ন হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশন ঘোষণা হওয়ার পর ২০১২ সালের প্রথম প্রথম নির্বাচনে মনিরুল হকের কাছে ২৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে হেরেছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আফজল খান। এবার তাঁর মেয়ে আঞ্জুম সুলতানাও হারলেন মনিরুল হকের কাছে। যদিও ভোটের ব্যবধান কমিয়ে এনেছেন।

নির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়া জানতে চাইলে আঞ্জুম সুলতানা প্রথম আলোকে বলেন, ‘আমি ফল মেনে নিয়েছি। জনগণের রায়ের ওপর তো কিছু বলার নেই। হারজিত থাকবে।’
কুমিল্লা সরকারি সিটি কলেজ ও চৌয়ারা ফাজিল মাদ্রাসা কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রয়েছে। এই দুটি কেন্দ্রের মোট ভোট ৫ হাজার ২৫৫। ফলে এই দুই কেন্দ্র জয়-পরাজয়ে কোনো প্রভাব ফেলবে না।
দুই দলই এই নির্বাচনকে নিজেদের জনপ্রিয়তা প্রমাণের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। এ জন্য দুই দলেরই কেন্দ্রীয় নেতারা কুমিল্লায় এসে ব্যাপক তত্পরতা চালিয়েছিলেন। নতুন নির্বাচন কমিশনও এটাকে আস্থা ফেরানোর ভোট হিসেবে নিয়েছিল।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ভোট উত্সবও ছিল। তবে দুপুরের পর কিছু কেন্দ্রে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারা শুরু হলে সেই উত্সব কিছুটা ম্লান হয়ে যায়।
সন্ধ্যার পর থেকেই নগরের বিভিন্ন স্থানে ধানের শীষের বিজয় মিছিল শুরু করেন মনিরুল হকের সমর্থকেরা। রাত নয়টার দিকে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল সব কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এর আগে সন্ধ্যা থেকেই শহরের টাউন হলে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে ফল ঘোষণা শুরু হয়। মনিরুল হক দলবল নিয়ে সেখানে উপস্থিত ছিলেন। তবে প্রতিদ্বন্দ্বী আঞ্জুম সুলতানা আসেননি।
ফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় মনিরুল হক প্রথম আলোকে বলেন, সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে। খুব কম ভোট পড়েছে। ভয়ভীতি দেখানোর কারণে অনেকেই কেন্দ্রে আসতে পারেননি। দিনভর নৌকা প্রতীকে জাল ভোট ও সিল মারার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, ‘দিন শেষে আমিই কামিয়াব হয়েছি। অতীতের সব ভুল সংশোধন করে আগামীতে নগরের উন্নয়নে কাজ করব। কুমিল্লাকে বিশ্বমানের নগর হিসেবে গড়ে তুলব।’
সকাল আটটায় ভোট গ্রহণ শুরুর পর সারা দিন ভোটকেন্দ্র, বুথ, কেন্দ্রের বাইরে—সর্বত্র নৌকার ব্যাজ পরা কর্মীদের ব্যাপক তত্পরতা দেখা যায়। একটি কেন্দ্রে কয়েকজন তরুণ নৌকার ব্যাজ নিয়ে ঘুরছিলেন। তাঁদের কাছে জানতে চাওয়া হলো বিএনপির কেউ আছে কি না। কিছুক্ষণ পর ওই দলের দুজন তরুণ আড়ালে এসে এ প্রতিবেদককে জানালেন, তাঁরা আসলে বিএনপির সমর্থক। নীরবে কাজ করার সুবিধার্থে তাঁরা নৌকার ব্যাচ পরেছেন।
সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী-পুরুষের দীর্ঘ সারি চোখে পড়ে। সিটি করপোরেশন এলাকার গন্ধমতি এলাকায় একটি বাড়িকে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু এর প্রভাব ভোটারদের মধ্যে দেখা যায়নি।
প্রথম আলোর চারজন প্রতিবেদক ও দুজন আলোকচিত্র সাংবাদিক ২০টি ভোটকেন্দ্রে ঘুরেছেন। সকালে ভোট গ্রহণ শুরুর পর থেকে দুপুর পর্যন্ত ১৬টি কেন্দ্র ঘুরে তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। সব কেন্দ্রে ভোটারের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দুপুরের পর চারটি কেন্দ্রে নৌকা প্রতীকের ব্যাজধারীদের প্রকাশ্যে সিল মারতে দেখা গেছে। এগুলো হচ্ছে চৌয়ারা ইসলামি ফাজিল মাদ্রাসা, নেউরা এম আই উচ্চবিদ্যালয়, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি সিটি কলেজ কেন্দ্র।
ভোটকেন্দ্র, এর বাইরে ও সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্যের উপস্থিতি দেখা গেছে। এর মধ্যে কেন্দ্রের ভেতরে দায়িত্ব পালন করেছেন আনসার ও পুলিশ সদস্যরা। আর বাইরে ছিল র্যা ব ও বিজিবির টহল।
ভোটে ছিল উত্সব
সকাল থেকে প্রায় সব কটি ভোটকেন্দ্রেই ছিল উত্সবমুখর পরিবেশ। নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গন্ধমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, একাধিক লম্বা সারিতে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষায় নারীরা। তাঁদের মধ্যে তরুণী যেমন ছিলেন, দেখা গেছে বৃদ্ধাদেরও। এর আগে শালবন বিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিল্লা মডার্ন স্কুল ভোটকেন্দ্রে গিয়েও ভোটারদের বিপুল উপস্থিতি দেখা গেছে।
সকালে ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল, সরকারি সিটি কলেজ, শাকতলা উচ্চবিদ্যালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড স্কুল কেন্দ্রে প্রচুর ভোটারের উপস্থিতি দেখা গেছে। সিটি কলেজ কেন্দ্রে আসমা বেগম বলেন, আধঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। ভোট গ্রহণে ধীরগতি ছিল।
সিটি কলেজে প্রথম ঝামেলা
টমছম ব্রিজ এলাকার সরকারি সিটি কলেজ চত্বরে দুটি কেন্দ্র। একটি পুরুষের, অন্যটি নারী ভোটকেন্দ্র। সকাল সাড়ে নয়টার দিকে নিজাম উদ্দিন আহমেদ নামের এক যুবক নৌকার সিল মারা একটি ব্যালট নিয়ে দৌড় দিলে তাঁকে পুলিশ আটক করে।
কিছুক্ষণের মধ্যে নির্বাহী হাকিম এ কে এম সাইফুল ইসলাম আসেন। আইনের বই দেখে বলেন, এই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি সাত বছরের কারাদণ্ড হয়। এটা তাঁর এখতিয়ারে নেই। প্রিসাইডিং কর্মকর্তাকে বিচারিক হাকিম ডাকার পরামর্শ দিয়ে চলে যান। এর কিছুক্ষণ পর নিজাম উদ্দিনকে ছেড়ে দেন প্রিসাইডিং কর্মকর্তা ফরিদ আহমেদ। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, কান ধরে ওঠবস করিয়ে ছেড়ে দিয়েছেন। নতুবা কেন্দ্রের পরিস্থিতি ঠিক রাখা সম্ভব নয়।
সকাল সাড়ে ১০টার দিকে ওই কেন্দ্রের মাঠে ও বাইরের ফটকে দুটি ককটেল বিস্ফোরণ হয়। কেন্দ্র থেকে সামান্য দূরে দুটি ককটেল পাওয়া যায় অবিস্ফোরিত অবস্থায়। এ ঘটনায় মুহূর্তের মধ্যে নারী ও পুরুষ দুটি কেন্দ্রই ভোটারশূন্য হয়ে পড়ে। এ সময় নৌকার ব্যাজ পরা ১৫-২০ জন পুরুষ কেন্দ্রে প্রবেশ করে পোলিং কর্মকর্তাদের হাত থেকে ব্যালট বই কেড়ে নিয়ে সিল মারতে থাকেন। বিএনপি-সমর্থক কাউন্সিলর প্রার্থী কাজী মাহবুবুর রহমানের পোলিং এজেন্ট ফরহাদ বাধা দিতে চাইলে তাঁকে মারধর করা হয়। কাজী মাহবুবুর রহমানকেও মারধর করা হয়। আতঙ্কে পোলিং কর্মকর্তারা প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে গিয়ে আশ্রয় নেন। পরে এই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
দুপুরের পর কিছু কেন্দ্রে প্রকাশ্যে সিল
দুপুর সাড়ে ১২টার দিকে নেউরা এম আই উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলার একটি বুথে নৌকা প্রতীকে সিল মারছেন এক যুবক। এই সময় অন্য বুথগুলোতেও যুবকেরা প্রবেশ করে সিল মারছিলেন। নির্বাহী হাকিম শাহীন আক্তার ও সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সিল মারা কিছু ব্যালট বাক্সের ওপর রেখেই পালিয়ে যান ওই যুবক।
বেলা একটার দিকে চৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের দুটি বুথে নৌকার ব্যাজ পরা কিছু যুবককে প্রকাশ্যে নৌকায় সিল মারতে দেখা যায়। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে একটু দূরে সরে দাঁড়ান। দেখা যায় ১২টি ব্যালটে নৌকায় সিল মারা। সে সময় কেন্দ্রের বাইরে রেলমন্ত্রী মুজিবুল হকের ব্যক্তিগত কর্মকর্তা ও কালীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন অবস্থান করছিলেন।
পৌনে দুইটায় গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বুথে কয়েকজন যুবককে নৌকায় সিল মারতে দেখা যায়। এ সময় পাশ থেকে এক যুবককে বলতে শোনা গেল, শুধু নৌকায় মারলে হবে না, চশমায়ও (কাউন্সিলরের প্রতীক) মারতে হবে।
দুইটার দিকে বল্লভপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ১০টি ককটেল পাওয়া যায়। এ সময় দুই যুবক ফোনে কাউকে বলছিলেন, ‘ম্যাজিস্ট্রেট আইসা পড়ছে। সিল মারতে পারছি না। ম্যাজিস্ট্রেটকে সরানোর ব্যবস্থা করেন।’
ভোট গ্রহণ শেষে ঢাকায় নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়নি।