কুমিল্লায় বিএনপির দুই পক্ষের আলাদা কর্মসূচি
কুমিল্লায় গতকাল রোববার একই সময়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে বিএনপির দুই পক্ষ আলাদাভাবে মিছিল ও প্রতিবাদ সভা করেছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, ১৮ দলীয় নেতাকর্মীদের মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালন করে তারা। বিকেল চারটায় নগরের কান্দিরপাড় এলাকায় উভয়পক্ষ মিছিল করে। পরে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর রশিদের অনুসারীরা টাউন হলে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র মনিরুল হকের অনুসারীরা দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা করে। টাউন হলে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও ১৮ দলীয় জোটের আহ্বায়ক বেগম রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়। এতে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, শহর বিএনপির জসিম উদ্দিন, যুবদলের আমিরুজ্জামান, আশিকুর রহমান, মাহমুদ ওয়াসিম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকা জামায়াতের ছানাউল্লাহ মজুমদার, ছাত্রদলের উৎবাতুল বারী আবু ও নিজাম উদ্দিন কায়সার। অন্যদিকে কান্দিরপাড়ের দলীয় কার্যালয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুলের অনুসারীরা আরেকটি প্রতিবাদ সভা করেন। এতে কুমিল্লা শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী সভাপতিত্ব করেন। এ ছাড়া বক্তব্য দেন শহর বিএনপির আবদুস সালাম, ছাত্রদলের নজরুল ইসলাম ভূঁইয়া, সাজ্জাদুল কবীর ও ইউসুফ মোল্লা। দুই প্রতিবাদ সভাতেই বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে দলীয় নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।