কুমিল্লায় বিএনপির দুই পক্ষের 'সমঝোতা' সভা
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দুই পক্ষ ‘সমঝোতা’র মাধ্যমে দলীয় কার্যালয়ে সভা করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে একপক্ষ ও বিকেলে আরেক পক্ষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা করে। দলীয় সূত্রে গেছে, বেলা ১১টায় নগরের কান্দিরপাড়ের দলীয় কার্যালয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর রশিদের অনুসারীরা সভা করেন। দলের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী। আরও বক্তৃতা করেন দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক আমিন-উর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা শহর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
বেলা তিনটায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হকের (সাক্কু) অনুসারীরা জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে আলোচনা সভা করেন। কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাহিদ চৌধুরীর সভাপতিত্বে ওই সভা হয়। এতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. সেলিম, শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম প্রমুখ। উভয় আলোচনা সভায় বক্তারা নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার দাবি জানান। একই সঙ্গে ৭ নভেম্বরের চেতনা ধারণ করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপির আন্দোলন কর্মসূচিকে আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন।
এ ব্যাপারে বেগম রাবেয়া চৌধুরী বলেন, ‘আমরা পালা করেই অনুষ্ঠান করে থাকি। সকালে ইয়াছিন (আমিন-উর রশিদ) সাহেব, বিকেলে সাক্কুর (মনিরুল হক) অনুসারীরা অনুষ্ঠান করেছেন। এটা সমঝোতার মাধ্যমেই হয়ে থাকে।’