কুমিল্লায় বিএনপির মিছিলে পুলিশি হামলা
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির হরতাল উপলক্ষে আয়োজিত মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সাবেক সাংসদসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। দলীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ছয়টায় বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয় থেকে হরতালের সমর্থনে মিছিল বের করতে চাইলে পুলিশের সঙ্গে বিরোধ বাধে। ওই সময় পুলিশ মিছিলে বাধা দেয়। তখন পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। এতে বিএনপিদলীয় সাবেক সাংসদ আমিন-উর রশিদ ইয়াছিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি আলী আক্কাসসহ ১৫ জন লাঠিপেটার শিকার হন।আমিন-উর রশিদ বলেন, ‘পুলিশ আমাদের অন্যায়ভাবে লাঠিপেটা করে।’ কুমিল্লা মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, ওরা যান চলাচল ব্যাহত করছিল। আইনশৃঙ্খলা ব্যাহত করছিল। তাই লাঠিপেটা হয়েছে।