বিজিবির সদস্য রিপন মিয়া হত্যা মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৬ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লার মুখ্য বিচারিক হাকিমের আদালতের বিচারক অম্লান কুসুম জিষ্ণু ওই আসামিদের জামিন নামঞ্জুর করেন।
কারাগারে পাঠানো নেতা-কর্মীরা হলেন কুমিল্লা সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও একই ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাখাওয়াত উল্লাহ, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম ওরফে মিঠু, যুগ্ম আহ্বায়ক এ কে এম শাহেদ ওরফে পান্না, জেলা বিএনপির সদস্য আমির হোসেন, শহর ছাত্রদলের সদস্য জিহাদ খান ওরফে রাজু, শহর যুবদলের সদস্য ফেরদৌস পাটওয়ারী, ইকবাল হোসেন, শহর ছাত্রদলের সদস্য সুমন মিয়া, সৈয়দ রাশেদ আবদুল্লাহ ওরফে সুজন, হায়াত, জনি পাটওয়ারী, সামছুল আলম ওরফে টিপু, সানি এবং শহর বিএনপির সদস্য নাজমুল হক, শাহজাহান ও মো. মোবারক হোসেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর বিরোধী দলের ডাকা হরতাল ও অবরোধ চলাকালে বিকেল চারটা ২০ মিনিটে কুমিল্লা নগরের দক্ষিণ চর্থা তালতলা চৌমুহনী এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কুমিল্লার ১০ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়নের সদস্য মাগুরার হাজীপুর গ্রামের রিপন মিয়া (৩০) গুলিবিদ্ধ হয়ে মারা যান।
ওই ঘটনায় ৮১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫০০-৬০০ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম। ওই মামলার ১৬ আসামি গত ২০ জানুয়ারি হাইকোর্টে জামিনের আবেদন করেন। হাইকোর্ট তাঁদের ১১ ফেব্রুয়ারির মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে অন্তর্বর্তীকালীন জামিন দেন।