কুমিল্লায় বিএমএর তিন দিনের ধর্মঘট আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক মো. নাজমুল হাসানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় করা মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা জেলা শাখার ডাকে আজ মঙ্গলবার তিন দিনের ধর্মঘট শুরু হচ্ছে। জেলা বিএমএ সূত্রে জানা গেছে, আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলার সব উপজেলা ও শহরের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এক ঘণ্টা ধর্মঘট পালন এবং প্রতিদিন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সব প্রাইভেট ক্লিনিকে রোগী দেখা থেকে বিরত থাকা।জেলা বিএমএর সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান প্রথম আলোকে জানান, ১ মার্চ সকাল নয়টায় কুমিল্লা শহরের বাদুড়তলা এলাকার বেসরকারি হাসপাতাল সিডিপ্যাথের চিকিৎসক মো. নাজমুল হাসানের ওপর একদল সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ওই দিনই তিনজনের নাম উল্লেখ করে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা করে। পুলিশ প্রায় এক সপ্তাহে কোনো আসামিকে গ্রেপ্তার করতে না পারায় চিকিৎসকেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ধর্মঘটের ডাক দেন।এদিকে গত রোববার বিএমএর জেলা সভাপতি মো. শহীদুল্লাহর নেতৃত্বে চিকিৎসকদের একটি দল জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে। চিকিৎসকেরা ওই মামলার আসামি শহরের তালপুকুরপাড় এলাকার বাসিন্দা লিটনসহ অন্যদের দ্রুত গ্রেপ্তার করা এবং মামলার অভিযোগপত্র দেওয়ার দাবি জানান। অন্যথায় সপ্তাহব্যাপী ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।এ সময় কুমিল্লা জেলা বিএমএর সাবেক সভাপতি ইকবাল আনোয়ার ও ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক রইস আবদুর রব উপস্থিত ছিলেন।কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতালে গত ২৮ ফেব্রুয়ারি রাতে এক রোগী মারা যায়। খবর পেয়ে ১ মার্চ সকাল নয়টায় রোগীর স্বজনেরা হাসপাতালে গিয়ে চিকিৎসক মো. নাজমুল হাসানকে মারধর করে। যদিও নাজমুল রাতের বেলায় দায়িত্ব পালন করেননি।