কুমিল্লায় বিক্ষোভ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়নামতি নয়, কুমিল্লা নামেই বিভাগের দাবিতে গতকাল রোববার টানা ষষ্ঠ দিনের মতো কুমিল্লা নগরে অন্তত পাঁচটি সংগঠন বিক্ষোভ ও মানববন্ধন করেছে। এসব কর্মসূচিতে প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান জানিয়ে বলা হয়, ব্যক্তি খন্দকার মোশতাকের দায়ভার মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে ওঠা কুমিল্লার তরুণ প্রজন্ম মেনে নেয়নি, কোনো দিন নেবেও না। উল্টো তাঁর ঘৃণিত ও ক্ষমাহীন অপরাধের জন্য যেকোনো ধরনের শাস্তি চায়। তাই প্রধানমন্ত্রীকে তাঁর নির্দেশনা থেকে সরে এসে কুমিল্লা নামে বিভাগ করতে হবে।
জানা যায়, কুমিল্লা নামে বিভাগের দাবিতে সকাল ১০টায় রেসকোর্স এলাকায় ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধন হয়। বেলা ১১টায় অশোকতলা চৌমুহনীতে স্থানীয় এলাকাবাসী এবং সোয়া ১১টায় পুলিশ লাইনস এলাকায় কুমিল্লা জেলা পরিষদ মার্কেট ব্যবসায়ী সমিতি এবং কুমিল্লা নাগরিক ফোরাম প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। বিকেল চারটায় নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে কুমিল্লার সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে শত শত তরুণ বিক্ষোভ করেন। এ সময় গণসংগীত পরিবেশন করা হয়। আজ সোমবারও বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দিয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
১৪ ফেব্রুয়ারি একনেকের এক সভায় প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ময়নামতি বিভাগ হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।