কুমিল্লায় বিজিবির গুলিতে একজন গুলিবিদ্ধ
কুমিল্লার আদর্শ সদর উপজেলার শাহপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের গুলিতে বিল্লাল হোসেন (২৬) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটায় ওই ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটায় শাহপুর এলাকা দিয়ে অবৈধ মোটরসাইকেল নিয়ে চোরাকারবারিরা ভারতীয় সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল। ওই সময় মোটরসাইকেল আরোহীদের থামতে বললে তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে সীমান্তের দিকে পালিয়ে যাচ্ছিল। বিজিবির সদস্যরাও আটটি পাল্টা গুলি ছোড়ে। ওই সময়ে শাহপুর গ্রামের বিল্লাল হোসেনের পায়ে গুলি লাগে। আহত অবস্থায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। জানতে চাইলে ৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর সাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনাবশত বিল্লাল হোসেনের পায়ে গুলি লেগেছে। চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে ওই ঘটনা ঘটে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’