কুমিল্লায় ভারতীয় শাড়ি থ্রি-পিস ইনজেকশন উদ্ধার
কুমিল্লা শহরের রানীর বাজার নোনাবাদ কলোনির একটি ভাড়া বাসায় গত সোমবার রাতে অভিযান চালিয়ে ৬০০ পিস ভারতীয় শাড়ি, ১৪৮ পিস থ্রি-পিস, ৬০ পিস ওড়না ও ২৭ প্যাকেট ইনজেকশন উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা। অভিযানে ওই বাসার গৃহকর্তা মোখলেছুর রহমানকে (৩৭) আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ১৬ লাখ ৬৭ হাজার টাকা। পুলিশ জানায়, রানীর বাজার এলাকার একটি ডিপার্টমেন্টাল স্টোরের পরিচালক মোখলেছুর রহমান। তাঁর বাড়িতে আমদানি-নিষিদ্ধ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্যসামগ্রী রয়েছে, এ খবর পেয়ে কুমিল্লা গোয়েন্দা পুলিশের একটি দল ওই বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে বাড়িতে রাখা ২০টি বস্তা থেকে এসব ভারতীয় মালামাল উদ্ধার এবং মোখলেছুরকে আটক করে থানায় নেওয়া হয়। এ ব্যাপারে ডিবির উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ূন কবির কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। মোখলেছুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত ব্যানার্জি প্রথম আলোকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোখলেছুর ওই মালামাল একাধিক বিক্রেতার কাছ থেকে কেনা হয়েছে বলে দাবি করেছেন। আসন্ন ঈদ উপলক্ষে রোজার মাসে বিক্রির জন্য এগুলো কেনেন তিনি। মোখলেছুরের গ্রামের বাড়ি দেবীদ্বার উপজেলার ধামতী গ্রামে।এদিকে ওই মালামাল কুমিল্লা কাস্টম কার্যালয় থেকে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আটক মালামালের গায়ে ‘ত্রাণসামগ্রী বিক্রয়ের জন্য নহে’ স্টিকার লেখা ছিল। কুমিল্লা কাস্টমসের সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’বিডিআরের ৩৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফখরুদ্দিন আহমেদ বলেন, ‘অবৈধ মালামাল আটক করার পর আমরা ‘ত্রাণসামগ্রী বিক্রয়ের জন্য নহে’ লেখা স্টিকার লাগিয়ে কাস্টম বিভাগের কাছে হস্তান্তর করি।’