কুমিল্লায় ভোটের লড়াই শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা মডার্ন হাইস্কুল কেন্দ্রে ভোটারদের লাইন। ছবি: সাইফুল ইসলাম
কুমিল্লা মডার্ন হাইস্কুল কেন্দ্রে ভোটারদের লাইন। ছবি: সাইফুল ইসলাম

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রার্থী ও স্থানীয় ভোটাররা মনে করছেন, মেয়র পদে মূলত নৌকা ও ধানের শীষের মধ্যে লড়াই হবে।

সকাল আটটা থেকে দুই নম্বর ওয়ার্ডের বাগিচেগাঁও, তিন নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১০ নম্বর ওয়ার্ডের ওয়াইডব্লিউসিএ স্কুল—এই তিনটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা আসতে শুরু করেছেন। ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল জানান, সব প্রস্তুতি রয়েছে। কেউ কোথাও বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের ব্যবস্থা নেবে।

সকাল নয়টার দিকে মেয়র পদে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার কুমিল্লার মর্ডান হাইস্কুলে ভোট দেওয়ার কথা। এ ছাড়া বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর সকাল সাড়ে নয়টার দিকে হোচ্ছামিয়া হাইস্কুল কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে।

কুমিল্লা মডার্ন হাইস্কুল কেন্দ্রে ভোট দিতে এসেছেন এক বৃদ্ধ। ছবি: সাইফুল ইসলাম
কুমিল্লা মডার্ন হাইস্কুল কেন্দ্রে ভোট দিতে এসেছেন এক বৃদ্ধ। ছবি: সাইফুল ইসলাম

১৪ দলের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা কুমিল্লার আওয়ামী লীগ নেতা আফজল খানের মেয়ে। ২০১২ সালের সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আফজল খান বিএনপির প্রার্থী কাছে হেরে যান। এবারও বিএনপির প্রার্থী মনিরুল হক। এর বাইরে মেয়র পদে শিরিন আক্তার (জেএসডি) ও মামুনুর রশীদ (স্বতন্ত্র) প্রার্থী হয়েছেন।

কুমিল্লায় এটি দ্বিতীয় সিটি করপোরেশন নির্বাচন। এবারই প্রথম দলীয় প্রতীকে মেয়র পদে এখানে নির্বাচন হচ্ছে।

কুমিল্লা সিটি করপোরেশনের মোট ভোটার ২ লাখ ৭ হাজার ৫৬৬। এর মধ্যে পুরুষ ১ লাখ ২ হাজার ৪৪৭ জন আর নারী ১ লাখ ৫ হাজার ১১৯ জন। এই ভোটারদের মধ্যে অন্তত ৩৮ হাজার সংখ্যালঘু ও ৩০ হাজার নতুন ভোটার।

কুমিল্লা সিটি করপোরেশনে ওয়ার্ড ২৭টি। ১০৩টি ভোটকেন্দ্রের ৬২৮টি বুথে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। মেয়র পদে প্রার্থী চারজন। সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫৪ জন।

নির্বাচনে ৭৬০ জন প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ১ হাজার ৬৭৮ জন পুলিশ, ১ হাজার ২৩৬ জন আনসার, র‍্যাবের ৩৩৮ ও বিজিবির ৬০০ জন সদস্য, ২৭টি ওয়ার্ডে ৩৬ জন নির্বাহী হাকিম ও বিচারিক হাকিম দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: