কুমিল্লায় ভোটের মাঠে চার কন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিন আসনে বাবার পক্ষে ভোটের মাঠে নেমেছেন চার কন্যা। তাঁদের কোনো ভাই নেই। বাবার পক্ষে প্রচার-প্রচারণা, গণসংযোগ—সবই করছেন মেয়েরা। পথসভা ও জনসভায় বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে ভোটারদের আকৃষ্টও করেছেন তাঁরা।

এই তিনজন হলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন, সেনানিবাস) আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দিনের মেয়ে তাহসীন বাহার, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই) আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামাল এবং এ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীর মেয়ে চৌধুরী সায়মা ফেরদৌস।

বাহাউদ্দিনের বড় মেয়ে তাহসীন। তাঁর আরও দুই মেয়ে রয়েছে। মেজ মেয়ে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। ছোট মেয়ে পড়াশোনা করছেন ঢাকায়। তাহসীন বাহার উত্তরা মহিলা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রী ও কুমিল্লার স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক। কয়েক বছর ধরে তিনি তাঁর বাবার সঙ্গে দলীয় ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। তাঁর সঙ্গে নগরের একঝাঁক তরুণ-তরুণী নৌকার পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বিভিন্ন উঠান বৈঠক ও পথসভায় তাহসীন বাহার বলেন, ‘বাবা মুক্তিযোদ্ধা। সব সময় প্রতিকূলতা মাড়িয়ে নির্বাচনে জয়ী হয়ে আসছেন। এবারও জয়ী হবেন। বাবার জন্য মাঠে সক্রিয়ভাবে আছি। ’

আ হ ম মুস্তফা কামালের দুই মেয়ে কাশফি ও নাফিসা। কাশফি ঢাকায় ব্যবসা দেখভাল করেন। নাফিসা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল কুমিল্লা ভিকটোরিয়ান্সের চেয়ারম্যান ও লালমাই ক্রিকেট একাডেমির সভাপতি। তাঁরা দুজনই এলাকায় গণসংযোগ করেন। গতকাল বুধবারও কাশফি লালমাই উপজেলার জয়নগর, জামুয়া, হাজতখোলা ও বাগমারা গ্রামে প্রচারণা চালান। এ সময় তিনি বাবার পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

মনিরুল হক চৌধুরীর চার মেয়ে। তার মধ্যে তিন মেয়ে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও ফিনল্যান্ডে থাকেন। চৌধুরী সায়মা ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক। মনিরুলকে গত ২৪ অক্টোবর গ্রেপ্তার করা হয়। এরপর সায়মা বাবার জন্য দৌড়াদৌড়ি করছেন। বাবার জন্য দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন।

জানতে চাইলে চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, ‘বাবা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। তাঁকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। ১৯৭৯ সাল থেকে তিনি নির্বাচন করছেন। কখনো আমাদের রাজনীতির মাঠে টেনে আনেননি। এবার অসুস্থ বাবার প্রতি জুলুম দেখে মাঠে নেমেছি। বাবা সত্যিকারের গণমানুষের নেতা। এই আসনের মানুষ তাঁকে নির্লোভভাবে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। তাঁর প্রতি অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রচারণায় আছি। নির্বাচনের দায়িত্ব কাঁধে নিয়েছি।’