কুমিল্লায় মহিলা কলেজে ছাত্রদলের হামলা-ভাঙচুর
ছাত্রদলের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখার আহ্বায়ক এনামুল হকের নেতৃত্বে একদল শিক্ষার্থী কুমিল্লা সরকারি মহিলা কলেজের প্রশাসনিক ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মহিলা কলেজের স্নাতকোত্তর পরীক্ষার কেন্দ্র থেকে ২১০টি মুঠোফোন জব্দ করার প্রতিবাদে গতকাল বুধবার তাঁরা এ হামলা চালান। এ সময় তাঁরা একজন শিক্ষককেও লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মহিলা কলেজের অধ্যক্ষ ইন্দুভূষণ ভৌমিক জানান, ২২ জুন স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। তাঁদের কলেজের কেন্দ্রে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এক হাজার ৩৩৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। প্রথম দিন শিক্ষার্থীদের মুঠোফোন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রচুর মুঠোফোন জমা পড়ায় কলেজ কর্তৃপক্ষ ওই দিনই বিজ্ঞপ্তি জারি করে শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন না আনার জন্য বলে। গতকাল সকাল সাড়ে নয়টায় পরীক্ষা শুরু হলে ১৯টি কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় ২১০ জনের কাছ থেকে মুঠোফোন জব্দ করা হয়। পরে তা কলেজের কার্যালয়ে রাখা হয়। পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীরা মুঠোফোন আনতে গেলে তিনি (অধ্যক্ষ) ৩০ জুনের পরীক্ষার পর তা নিতে বলেন। তখন কিছু শিক্ষার্থী বিষয়টি ছাত্রদলের নেতা এনামুল হককে জানান। অধ্যক্ষ আরও জানান, একপর্যায়ে এনামুল ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে কলেজ কার্যালয়ে এসে মুঠোফোন দিয়ে দেওয়ার জন্য শিক্ষকদের চাপ দেন। এ সময় ছাত্রদলের কর্মীরা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক জামাল নাসেরকে লাঞ্ছিত করেন। এরপর তাঁরা প্রশাসনিক ভবনের কলাপসিবল ফটক ভেঙে ফেলেন এবং ওই ভবনের দরজা ও জানালা ভাঙচুর করেন। খবর পেয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন ঘটনাস্থলে যান। এসআই পরিস্থিতি সামাল দিতে না পেরে উল্টো তাঁকে গালাগাল করেন। পরে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মুঠোফোন ফেরত দিলে পরিস্থিতি শান্ত হয়। বিকেলে কলেজের শিক্ষক পরিষদ ওই ঘটনার প্রতিবাদে জরুরি সভা করে। এ বিষয়ে ছাত্রদলের নেতা এনামুল হক বলেন, ‘শিক্ষার্থীদের মুঠোফোন ফেরত না দেওয়ায় আমি ওই কলেজে গিয়েছি। আমি যাওয়ার পরই মুঠোফোন ফেরত দেওয়া হয়। শিক্ষককে আমি লাঞ্ছিত করিনি। এ ছাড়া প্রশাসনিক ভবনে আমার নেতৃত্বে হামলা চালানো হয়নি।’ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘পুলিশ নিয়ে অধ্যক্ষ মহোদয়ের অভিযোগ সঠিক নয়। তিনি মুঠোফোন ফেরত না দেওয়ায় ঝামেলা হয়েছে।’