কুমিল্লায় মা-শিশুপুত্র হত্যায় গ্রেপ্তার ১
কুমিল্লায় মা ও তাঁর শিশুপুত্র হত্যার ঘটনায় ওই নারীর স্বামী নাজমুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পুলিশ রাঙামাটি থেকে নাজমুলকে গ্রেপ্তার করে।
আজ বুধবার জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন সংবাদ সম্মেলন করে বিষয়টি সাংবাদিকদের জানান।
পুলিশের ভাষ্য, হত্যায় জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন নাজমুল। তিনি একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে তথ্য দেন।
নাজমুলকে আজ কুমিল্লার এক নম্বর আমলি আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
১৪ আগস্ট সন্ধ্যায় কুমিল্লা নগরের হাউজিং এস্টেট এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে নাসিমা আক্তার (৩০) ও তাঁর এক বছরের ছেলে মো. নাফিসের লাশ উদ্ধার করে পুলিশ। তাদের গলায় ফাঁস লাগানোর চিহ্ন পাওয়া যায়।
নাসিমার বাবার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়। নাজমুলের বাড়ি চান্দিনায়। ঘটনার পর থেকে নাজমুল পলাতক ছিলেন।