কুমিল্লায় মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট থেকে গত শুক্রবার রাতে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ওই দিন সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে হাত-পা বাঁধা এক শিশুকে উদ্ধার করা হয়েছে।
নাঙ্গলকোট উপজেলার বেতাগাঁও এলাকা থেকে উদ্ধার করা লাশটি মাদ্রাসার শিক্ষার্থী মনসুর আহমেদের (১০)। তার গলায় রশির দাগ রয়েছে। এ ঘটনায় তার চাচা মোহাম্মদ উল্লাহ নাঙ্গলকোট থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
পরিবারের সদস্যদের দাবি, শিশুটি খুব জেদি ছিল। অভিমানে গলায় রশির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে।
নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) সেলিম আল দ্বীন বলেন, বেতাগাঁও গ্রামের ওমানপ্রবাসী মনু মিয়ার ছেলে মনসুর স্থানীয় একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ত। শুক্রবার রাত ১১টায় বাড়ির ছাদের সিঁড়িতে রডের মধ্যে রশি লাগানো অবস্থায় শিশুটির ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারে সদস্যরা। তাঁরা মৃতদেহটি নামিয়ে ঘরে নিয়ে বিছানার ওপর রাখেন। রাত ১২টার দিকে পুলিশ ওই বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে।
এসআই সেলিম বলেন, তৃতীয় শ্রেণির ছাত্র আত্মহত্যা করতে পারে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তাই ময়নাতদন্ত করার জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
এদিকে শুক্রবার সন্ধ্যায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা শিশুটিকে অপহরণের চেষ্টা হচ্ছিল বলে পরিবারের সদস্যদের অভিযোগ। সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ওই রাতেই পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোরকে আটক করেছে।
শিশুটির দাদা বলেন, শুক্রবার বিকেল থেকে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের মসজিদে মাগরিবের নামাজ শেষে বের হওয়ার পর তিনি চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখেন অ্যাম্বুলেন্স রাখার গ্যারেজের পেছনে একটি খুঁটিতে তাঁর নাতনির হাত-পা বাঁধা। এরপর তিনি তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। তিনি বলেন, স্থানীয় তিনজন ব্যক্তি সেখানে ছিলেন। লোকজন আসতে দেখে তাঁরা পালিয়ে যান।
আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহম্মেদ বলেন, ঘটনাটি অপহরণের চেষ্টা। তাই আটক কিশোরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। ঘটনার মূল হোতা অপর দুজন পলাতক।