কুমিল্লায় মামলার নথি চুরির অভিযোগে ভুয়া আইনজীবী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার এক নম্বর বিচারিক হাকিম আদালত থেকে মামলার নথি চুরির অভিযোগে গত রোববার মো. আবু তাহের নামের এক ভুয়া আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, কুমিল্লার এক নম্বর বিচারিক হাকিম আদালতের পেশকার খোরশেদ আলম বাদী হয়ে গত রোববার নথি চুরির অভিযোগে আবু তাহেরের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।মামলার এজাহারে বলা হয়, কুমিল্লার বরুড়া উপজেলার জয়নগর গ্রামের আবু তাহের নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে রোববার দুপুর একটার দিকে খোরশেদ আলমের কাছে দাউদকান্দি থানায় একটি মামলার (জিআর মামলা নম্বর-১২৫/০৭) মূল নথি দেখতে চান। খোরশেদ আলম তাঁকে নথি দেখতে দিলে তিনি নথিটি নিয়ে কৌশলে আদালত থেকে বেরিয়ে যান। খোরশেদ আলম তাঁর সহকারী মাজহারুল ও রেজাউল করিমকে নিয়ে আদালতের বাইরে থেকে আবু তাহেরকে আটক করেন। পরে তাঁকে কোতোয়ালি মডেল থানার পুলিশের হাতে তুলে দেন।পুলিশ গতকাল আবু তাহেরকে কুমিল্লার এক নম্বর বিচারিক হাকিম কাজী বাহাউদ্দিনের আদালতে হাজির করে। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।