কুমিল্লায় মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ
কুমিল্লা নগরের ২৭টি ওয়ার্ডে সব ধরনের মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে আগ্নেয়াস্ত্র বহনও নিষিদ্ধ করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত আটটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে সমাবেশ ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। বিকেল চারটায় একই এলাকার টাউন হল মাঠে সমাবেশ ডেকেছেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিন। অন্যদিকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা ১৪ দলের আহ্বায়ক আফজল খানের নেতৃত্বে জুমার নামাজের পর কান্দিরপাড়ের রামঘাটে আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া বেলা তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা নগরের ২২ নম্বর ওয়ার্ড এলাকায় (পদুয়ার বাজার বিশ্বরোড) সমাবেশ ডেকেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লি উন্নয়ন সম্পাদক মনিরুল হক চৌধুরী ও কুমিল্লা সিটি করপোরেশন মেয়র মো. মনিরুল হক (সাক্কু)। উভয় দলের ওই চার কর্মসূচি নিয়ে সংঘাতের আশঙ্কায় জেলা প্রশাসন সব ধরনের মিছিল ও সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা, নগরের আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্যই প্রশাসন ওই নিষেধাজ্ঞা আরোপ করেছে।’