কুমিল্লায় মেয়র পদপ্রার্থী নিয়ে আওয়ামী লীগ সিদ্ধান্তহীনতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে কে হচ্ছেন মেয়র পদপ্রার্থী তা এখনো চূড়ান্ত হয়নি। দলটির নেতা-কর্মীরা এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। ইতিমধ্যে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ ও কুমিল্লা পৌরসভার দুবারের নির্বাচিত চেয়ারম্যান আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খান ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠু প্রচারণা চালাচ্ছেন। তিন নেতার নামে চলছে নগরজুড়ে ব্যাপক প্রচারণা। তবে একক প্রার্থী ঘোষিত না হওয়ায় ভোটাররাও উদ্বিগ্ন। পাশাপাশি বিতর্কিত ও সন্ত্রাসী লালনকারী এমন নেতাকে মেয়র পদে চান না দলীয় নেতা-কর্মীরা। দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে ওই তথ্য জানা গেছে।জানতে চাইলে কুমিল্লা-৮ (বরুড়া ও সদর দক্ষিণের একাংশ) আসনের সাংসদ ও সিটি করপোরেশন এলাকার একাংশের প্রতিনিধি নাছিমুল আলম চৌধুরী বলেন, ‘উনি (সাংসদ বাহাউদ্দিন) যদি যোগ্য মনে করেন তাহলে দাঁড়াতে পারেন। ওনার যদি ভালো ইমেজ থাকে অবশ্যই মনোনয়ন চাইতে পারেন। প্রার্থী হওয়ার ক্ষেত্রে যে কেউ মনোনয়ন চাইতে পারেন। এ ক্ষেত্রে দল সিদ্ধান্ত নেবে।’অন্যদিকে একই প্রসঙ্গে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাংসদ ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মুজিবুল হক বলেন, ‘দলের মধ্যে প্রার্থী হওয়ার ব্যাপারে অনেকের আশাআকাঙ্ক্ষা রয়েছে। প্রার্থী হওয়ার অধিকার সবার রয়েছে। উনি (সাংসদ বাহাউদ্দিন) প্রার্থী হবেন কি না আমি জানি না। তবে দলের নেত্রী যাঁকে মনোনয়ন দেবেন তিনিই হবেন আওয়ামী লীগের প্রার্থী।’এ ব্যাপারে সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘গত ৪২ বছরে কুমিল্লা পৌরসভায় আওয়ামী লীগের হয়ে দুই মেয়াদে আমিই একমাত্র চেয়ারম্যান ছিলাম। আর গত ৩৫ বছর পর আওয়ামী লীগের হয়ে সদর আসনে আমিই সাংসদ হয়েছি। দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেবেন আমি সেই সিদ্ধান্ত মেনে নেব। দলের বাইরে গিয়ে আমি নির্বাচন করব না।’চলছে গেজেট ছাপার কাজ: কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ সম্পর্কিত গেজেট ছাপার কাজ গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। বিজি প্রেসে ওই কাজ চলছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রকাশিত গেজেট কুমিল্লায় চলে আসবে। এর পরই তফসিল ঘোষণা হবে। এ প্রসঙ্গে কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান প্রথম আলোকে বলেন, গেজেট ছাপার কাজ শুরু হয়েছে।তবে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কমিশনার আবদুল বাতেন গতকাল শনিবার বিকেলে মুঠোফোনে বলেন, ‘গেজেট পাওয়ার পরপরই আমরা ভোটার তালিকা চূড়ান্ত করব। এরপর তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।’