কুমিল্লায় মেয়রের বাসভবনে অগ্নিকাণ্ড
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হকের বাসভবনে গতকাল বুধবার আইপিএস বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে মেয়রের বাসভবনের আসবাব পুড়ে যায়। এ সময় কক্ষের দরজা ভেঙে মেয়রকে অক্ষত অবস্থায় বের করে আনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের নানুয়া দিঘির দক্ষিণ-পূর্ব পাড়ে মেয়র মনিরুলের চারতলা পৈতৃক বাসভবন। ওই ভবনের তিনতলায় তিনি থাকেন। গতকাল ভোরে তাঁর কক্ষের পাশের কক্ষে হঠাৎ করে আইপিএস বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে তিনটি কক্ষের আসবাব ও বৈদ্যুতিকসামগ্রী পুড়ে যায়। এ সময় মেয়রের ছোট ভাই জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক কাইমুল হক শাবল নিয়ে দরজা ভেঙে মনিরুলকে বের করে আনেন। এলাকার লোকজন পানি দিয়ে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনেন। মেয়র মনিরুলের বাসভবনে অগ্নিকাণ্ডের খবরে শত শত মানুষ হাজির হন।মেয়র মনিরুল হক বলেন, ‘আল্লাহর রহমতে বেঁচে গেছি। আইপিএসের আগুনে বাসার টাইলসও পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সময় বাসায় আমি একাই ছিলাম।’