আন্দোলনরত চিকিৎসা সহকারী প্রশিক্ষণ স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের ওপর গত ২৬ এপ্রিল পুলিশি হামলা, গ্রেপ্তারের প্রতিবাদসহ চার দফা বাস্তবায়নের দাবিতে গতকাল রোববার কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা।
সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে কুমিল্লার সরকারি-বেসরকারি ম্যাটসের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা পুলিশি হামলার বিচার দাবি করেন। একই সঙ্গে গ্রেপ্তার করা শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান।
শিক্ষার্থীদের চার দফা দাবি হলো: ম্যাটস থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করা, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে দশমগ্রেড নিয়োগ ও বেসরকারি ক্লিনিক/হাসপাতালে ম্যাটস থেকে পাস করা ডিপ্লোমা চিকিত্সকদের পদ সৃষ্টি এবং শিক্ষানবিশ (ইন্টার্ন) ভাতা প্রদান।