কুমিল্লায় যানজটে নাকাল ঘরমুখী যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী সেতুর ওপর গত শনিবার রাতে একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কে প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে নাকাল হতে হয় ঈদে ঘরমুখী মানুষকে।জানা গেছে, রাত চারটার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি পণ্যবোঝাই ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে সেতুর ওপর অচল হয়ে পড়ে। এতে সেতুর এক পাশ বন্ধ হয়ে যায়। ওই অবস্থায় উভয়মুখী যানবাহনকে সেতুর এক পাশ দিয়ে চলাচল করতে হয়। ফলে যানবাহনের গতি ধীর হয়ে যানজটের সৃষ্টি হতে থাকে।ট্রাকের চালক ও তাঁর সহকারী প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে ট্রাকটি সচল করতে সক্ষম হন। এরপর সকাল ছয়টার দিকে ট্রাকটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু ততক্ষণে সেতুর উভয় দিকে প্রায় ১০ কিলোমিটার রাস্তাজুড়ে যানজটের সৃষ্টি হয়। সকাল থেকে যান চলাচল শুরু করলেও সড়কের অবস্থা স্বাভাবিক হতে প্রায় বেলা একটা বেজে যায়। তবে এর পরও সারা দিন ধরে ওই সড়কে ছোট ছোট যানজট লক্ষ করা গেছে।দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চক্রবর্তী জানান, মেঘনা-গোমতী সেতুর ওপর ট্রাক বিকল হওয়ায় ওই অবস্থার সৃষ্টি হয়। তবে থানা ও হাইওয়ে পুলিশ চেষ্টা করেছে যত দ্রুত সম্ভব মহাসড়কে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে।এদিকে গতকাল সকালে নিমসার তরকারি বাজার ও কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকায়ও যানজটের সৃষ্টি হয়। প্রচণ্ড গরমে যানজটে আটকে পড়ে নাকাল হয় যাত্রীরা। মিয়াবাজারে মহাসড়কে চার লেনের কাজ হওয়ায় সেখানেও যানজট দেখা গেছে। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে জেলা পুলিশের ১০৫ জন ও হাইওয়ে পুলিশের ১৩০ জন সদস্য মহাসড়কের দায়িত্বে রয়েছেন।হাইওয়ে পুলিশ পূর্বাঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার নাথ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, মহাসড়কের পাশে বাজারের কারণে বিভিন্ন স্থানে যানবাহন ধীরগতিতে চলছে। একই সঙ্গে মহাসড়কের বিভিন্ন অংশে খানাখন্দ থাকায় যানবাহন আস্তে চলে। জেলা ও হাইওয়ে পুলিশ যৌথভাবে যানজট সহনীয় মাত্রায় রাখার চেষ্টা করছে।ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট নেইআমাদের টাঙ্গাইল অফিস জানায়, ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গতকাল কোনো যানজট ছিল না। যানবাহন চলাচল করেছে স্বাভাবিক গতিতে। সম্ভাব্য যানজট নিরসনের লক্ষ্যে এই মহাসড়কে বিপুল পুলিশ মোতায়েন করা হলেও যানজট না থাকায় তাদেরও কোনো কাজ ছিল না। মহাসড়কের টাঙ্গাইল অংশের বিভিন্ন স্থান ঘুরে এ চিত্র দেখা যায়।জেলা পুলিশ বিভাগ সূত্র জানায়, সম্ভাব্য যানজটের আশঙ্কায় এই মহাসড়কের টাঙ্গাইল অংশের ৬০ কিলোমিটারকে ১২টি ভাগ করে ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। ১২টি স্থানে তাঁবু টানিয়ে অস্থায়ী ক্যাম্প করছে পুলিশ। প্রতিটি ক্যাম্পের দায়িত্বে রয়েছেন একজন পরিদর্শক। এ ছাড়া প্রতি তিন কিলোমিটার সড়কের জন্য একজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল রাখা হয়েছে মোটরসাইকেলসহ, যাতে কোথাও যানজট হলে তাঁরা দ্রুত সেখানে পৌঁছাতে পারেন।গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এলেঙ্গা, রাবনা বাইপাস মোড়, করটিয়াসহ বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা যায়, যানবাহনের তেমন কোনো চাপ নেই। স্বাভাবিক অবস্থার চেয়ে কিছুটা বেশি যানবাহন চললেও কোথাও যানজট নেই। ঢাকা থেকে সিরাজগঞ্জগামী বাসের চালক আকবর আলীর সঙ্গে কথা হয় রাবনা বাইপাস মোড়ে। তিনি জানান, ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে দুপুর সাড়ে ১২টায় রওনা হয়ে বিকেল তিনটা ১০ মিনিটে টাঙ্গাইল শহর বাইপাস মোড়ে পৌঁছেছেন।