কুমিল্লায় যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে মানববন্ধন
যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে গতকাল বৃহস্পতিবার কুমিল্লায় মানববন্ধন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুমিল্লা শাখার সদস্যরা।বেলা ১১টায় নগরের কান্দিরপাড়ের টাউন হল মাঠের সামনের সড়কে ওই মানববন্ধন হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।ঘণ্টাব্যাপী আয়োজিত ওই মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আফজল খান, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহমেদ বাবুল, সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কুমিল্লা জেলার আহ্বায়ক মাসুদ পারভেজ খান, সদস্যসচিব নাজমুল বারী চৌধুরী, সেক্টর কমান্ডারস ফোরাম বরুড়ার সভাপতি কাইজার উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুস সোবহান মজুমদার এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বরুড়া শাখার আহ্বায়ক আমান উল্লাহ।