কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরতলির চানপুর এলাকার যুবদলের কর্মী জসিম মিয়াকে (২৮) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত বুধবার দিবাগত রাতে নগরের গাংচর এলাকায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জসিম কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মনিরুল হক সাক্কুর অনুসারী। পুলিশ সূত্রে জানা গেছে, শহরতলির চানপুর এলাকার বাসিন্দা জসিম বুধবার রাতে তারাবির নামাজ শেষে বন্ধু নূরে আলমকে নিয়ে ব্যবসায়িক কাজে নগরের দক্ষিণ চর্থা এলাকায় যান। সেখান থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে নগরের গাংচর ড্রাইভিং স্কুলসংলগ্ন সড়কে রাত একটা ২০ মিনিটে একদল সন্ত্রাসী তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। তারা জসিমকে দা ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে এবং দুই হাতের রগ কেটে দেয়। সহযোগী নূরে আলমের ডান হাতে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই জসিমের মৃত্যু হয়। নূরে আলম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বৃহস্পতিবার বিকেলে জসিমের লাশ ময়নাতদন্ত শেষে নিজ বাড়িতে নেওয়া হয়। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, জসিমের ঘাড়, মুখ ও ঊরুতে একাধিক কোপের চিহ্ন রয়েছে। তাঁর দুই হাতের রগও কেটে ফেলা হয়েছে। এ ব্যাপারে তাঁর বড় ভাই আলাউদ্দিন আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।মামলার আসামিরা হলেন—নগরের পুরাতন চৌধুরীপাড়া এলাকার মো. রুমি, হাউজিং এস্টেট এলাকার রুবেল ওরফে চশমা রুবেল, গাংচর এলাকার রাহাত, চানপুর এলাকার লিটন মিয়া, আজিজ মিয়া, রুবেল মিয়া, মো. রাহাত মিয়া ও জুম্মন।মামলার ১ নম্বর সাক্ষী আহত নূরে আলম বলেন, ঘটনার সময় তিনি রুমি ও চশমা রুবেলকে চিনতে পেরেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, জসিম চানপুর এলাকার প্রয়াত আলী আশরাফের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার ছোট। প্রায় তিন বছর আগে তিনি বিয়ে করেন। এলাকায় জমি-জমার ব্যবসা করতেন তিনি।পুলিশের ধারণা, এক নারীর বিবাহবিচ্ছেদের টাকা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে জসিমের বিরোধ রয়েছে। একই সঙ্গে ব্যবসায়িক কারণেও বিরোধ থাকতে পারে। পুলিশ এসব বিষয়ে তদন্ত করছে।ওসি মহিউদ্দিন বলেন, ‘জসিমের বিরুদ্ধে ২০১১ সালের ১৩ নভেম্বর গ্রাম্য সালিশ নিয়ে একটি এবং গত ২১ এপ্রিল নগরের চকবাজার এলাকায় একটি মারামারির মামলাসহ দুটি মামলা রয়েছে। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করতে পারে।’সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু প্রথম আলোকে বলেন, ‘জসিম দীর্ঘদিন থেকে আমার সঙ্গে যুবদলের রাজনীতি করতেন। আমার প্রতিটা মিছিল ও সমাবেশে অংশ নিতেন। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই। একই সঙ্গে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’