কুমিল্লায় যুবদলের দুই পক্ষের সঙ্গে কেন্দ্রীয় দুই নেতার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের বিরোধী দুই পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন সংগঠনের কেন্দ্রীয় দুই নেতা। গত বৃহস্পতিবারের ওই বৈঠকে উভয় পক্ষই জেলা যুবদলের নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা নগর ভবনে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু ও তাঁর সমর্থক নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মো. আবদুল খালেক ও দপ্তর সম্পাদক কাজী রফিক। বৈঠকে মেয়র মনিরুল হক বলেন, ‘জেলা যুবদলের তিনজনের কমিটিই পার করেছে দুই বছর। এ অবস্থায় নতুন কমিটি গঠনের বিকল্প নেই। যুবদলকে ঢেলে সাজাতে হলে নতুন করে জেলা ও মহানগর কমিটি করতে হবে। সব পক্ষ থেকে প্রতিনিধি নিয়ে সৎ, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করতে হবে। একতরফা কমিটি দিয়ে দল চলে না।’জবাবে কেন্দ্রীয় সহসভাপতি আবদুল খালেক বলেন, ‘যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আপনাদের বার্তা পৌঁছে দেওয়া হবে।’এর আগে ওই দিন দুপুরে নগরের নজরুল এভিনিউর মডার্ন কমিউনিটি সেন্টারে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের প্রতিনিধি সভা হয়। সভার উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান।