কুমিল্লায় যুবদলের মিছিল ও সমাবেশে পুলিশি বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল বুধবার কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বাধা দিয়েছে পুলিশ।

বেলা সাড়ে ১১টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সড়কের লিবার্টি মোড়ে যুবদলের নেতা-কর্মীদের বাধা দেওয়া হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি শেষ করে যুবদল।

যুবদলের অন্তত তিনজন নেতা দাবি করেন, বেলা ১১টা থেকেই কান্দিরপাড়ের দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন যুবদলের নেতা-কর্মীরা। এরপর বেলা সাড়ে ১১টায় মিছিল নিয়ে বের হতে গেলে লিবার্টি মোড়ে তাঁদের মিছিল আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে যুবদলের নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে নেতা-কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে ফেরত যান।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উত্বাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

এ প্রসঙ্গে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন দাবি করেন, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় যুবদলের নেতা-কর্মীদের মিছিল নিয়ে মূল সড়কে যেতে দেওয়া হয়নি।