কুমিল্লায় যুবদলের সম্মেলনে অস্ত্রবাজির ঘটনায় আরও একজন গ্রেপ্তার
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলনে প্রকাশ্যে অস্ত্রবাজির ঘটনায় জামিরুল ইসলাম (২১) ওরফে রাজন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার কুমিল্লা শহরের কাপ্তান বাজারে ব্যাপারি পুকুরের পাড়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জামিরুলকে পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।১১ ডিসেম্বর গ্রেপ্তার হওয়া শহীদুল হকের স্বীকারোক্তি অনুযায়ী জামিরুলকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার তদন্ত পরিদর্শক সৈয়দ আবু মো. শাহজাহান কবির। এ নিয়ে অস্ত্রবাজির ঘটনায় চার অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হলো। জামিনে রয়েছে দুই অস্ত্রধারী।গ্রেপ্তারের পর জামিরুলকে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় নেওয়া হয়। পরে থানায় সাংবাদিকদের উপস্থিতিতে কম্পিউটারে তিনি নিজের ছবি শনাক্ত করেন। জামিরুল জানান, সেদিন শহরের মুন্সেফ কোয়ার্টার এলাকার বাসিন্দা কাজী জামান তিনটি গুলিভর্তি দেশে তৈরি একটি এলজি দিয়েছেন। পুলিশ এখনো জামানকে গ্রেপ্তার করতে পারেনি।১০ অক্টোবর যুবদলের সম্মেলনে প্রকাশ্যে অস্ত্রবাজির ঘটনা ঘটে। এর পরের দিন প্রথম আলোয় এ সংক্রান্ত ছবি প্রকাশিত হয়। ছবিতে সামনের দিকে ছিলেন জামিরুল। নেভি ব্লু জিন্স ও গলায় চেইন পরা জামিরুলের হাতে এলজি দেখা যায়। ওই সময় কালো কাপড়ের মুখোশ পরা ছিলেন তিনি। থানায় ছবিটি দেখানো হলে জামিরুল নিজেকে শনাক্ত করেন।কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, আজ রোববার জামিরুলকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে।