কুমিল্লায় যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শাহপরান (৩২) নামের এক যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত রোববার রাতে জেলার আদর্শ সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রাস্তায় অজ্ঞাতপরিচয় তিন মোটরসাইকেল আরোহী তাঁকে গুলি করে পালিয়ে যায়। এরপর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রঘুপুর গ্রামের তিন ব্যক্তিকে গতকাল সোমবার সকালে আটক করেছে পুলিশ। শাহপরান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাহুবল গ্রামের ফুল মিয়ার ছেলে। তাঁর স্ত্রী ও এক মেয়ে রয়েছে। পুলিশ সূত্র জানায়, গত রোববার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শাহপরান রামচন্দ্রপুর এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময়ে রামচন্দ্রপুর রাস্তার মাথায় তাঁর গতিরোধ করে তিন মোটরসাইকেল আরোহী। তারা খুব কাছ থেকে তাঁর মাথায় গুলি করে। স্থানীয়রা শাহপরানকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে দাউদকান্দিতে শাহপরান মারা যান। গতকাল সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে শাহপরানের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) অমর চন্দ্র দাস জানান, নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে। জমিজমা নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে ওই হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের বাবা ফুল মিয়া বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) কেনার জন্য এক লাখ টাকা নিয়ে রোববার বিকেলে বাড়ি থেকে বের হন শাহপরান। এরপর আর সে বাসায় ফেরেনি। শাহপরান যুবলীগের রাজনীতি করত। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন খান বলেন, ‘এ ব্যাপারে নিহতের ছোট ভাই আবুল কালাম আজাদ পাঁচ ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেছেন। আমরা আসামি গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চালাচ্ছি।’