কুমিল্লায় যুবলীগের কর্মী খুন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মোস্তাক আহমেদ (৩৫) নামের যুবলীগের এক কর্মী খুন হয়েছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার উত্তর রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পরিবহন খাতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের কর্মী আলমগীর হোসেন ও অপুর মধ্যে বিরোধ চলছিল। যুবলীগের অপর কর্মী মোস্তাক অপুর পক্ষের লোক ছিলেন। গতকাল বিকেল সাড়ে চারটায় মোস্তাক পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনের সড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে সুয়াগঞ্জ থেকে জাঙ্গালিয়ার নিজ বাড়িতে ফিরছিলেন। উত্তর রামপুর এলাকায় পৌঁছালে যুবলীগের কয়েকজন কর্মী তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে ইট দিয়ে তাঁর মাথা থেঁতলে দেন। এতে ঘটনাস্থলেই মোস্তাক মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক প্রথম আলোকে বলেন, পরিবহন খাত থেকে আগে চাঁদাবাজি করত আলমগীরের পক্ষ। এখন করছিল মোস্তাকের অনুসারীরা। এ নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ রয়েছে। এর জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।