কুমিল্লায় যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বুধবার যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশ গুলিভর্তি একটি নাইন-এমএম পিস্তলসহ ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বিশ্বরোড এলাকায় পরিবহন খাতসহ বিভিন্ন খাতের চাঁদা আদায় নিয়ে সদর দক্ষিণ উপজেলা যুবলীগের সদস্য আলমগীর হোসেন ও মোস্তাক মিয়ার মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। গতকাল দুপুর ১২টার দিকে মোস্তাক মিয়ার নেতৃত্বে যুবলীগের একটি অংশ পদুয়ারবাজার বিশ্বরোডের দক্ষিণ পাশে বাসস্ট্যান্ড এলাকায় আলমগীর হোসেনের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষ লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আলমগীর হোসেন (৩৫), মোস্তাক মিয়া (৩০), মাহবুব হোসেন (২৫), দেলোয়ার হোসেন (৩০), কার্তিকসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে সদর দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় চারটি গুলিভর্তি একটি নাইন-এমএম পিস্তলসহ আবদুল মমিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকায়। পরে পুলিশ মমিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে। সদর দক্ষিণ থানা যুবলীগের আহ্বায়ক আবদুল কাদের মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি এখন ব্যক্তিগত কাজে ঢাকায়। তিনি সংঘর্ষের খবর শুনেছেন।সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ ওই সময় ঘটনাস্থল থেকে গুলিভর্তি পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।’