কুমিল্লায় যুবলীগের সম্মেলন হয়নি ১৩ বছর
কুমিল্লা জেলা যুবলীগের সম্মেলন ১৩ বছরেও হয়নি। বর্তমান কমিটির প্রভাবশালী কয়েকজন সদস্য জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিরও সদস্য হয়েছেন। এ অবস্থায় যুবলীগের সার্বিক কার্যক্রম ঝিমিয়ে পড়ছে।দলীয় নেতা-কর্মীরা জানান, ১৯৯৭ সালে যুবলীগের সম্মেলন হয়। ওই সময় শাহিনুল ইসলামকে যুবলীগের সভাপতি এবং মঞ্জুর মোর্শেদকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যের জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। ২০০১ সালে এই কমিটির মেয়াদ শেষ হয়। এখন পর্যন্ত কমিটি গঠন করা হয়নি। বর্তমান কমিটির ৩০ জন সদস্য নিষ্ক্রিয়। কেউ কেউ মারাও গেছেন। মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের দাবি, দীর্ঘদিন যুবলীগের কমিটি না হওয়ায় ছাত্রলীগের অনেক নেতা-কর্মী যুবলীগে স্থান পাচ্ছেন না। এ ক্ষেত্রে একটা জট লেগে গেছে। ওই জট খোলার জন্য দ্রুত কমিটি দেওয়া দরকার। নতুন কমিটি হলে নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হবে।জেলা যুবলীগের সভাপতি শাহীনুল ইসলাম বলেন, ‘আমি নিজেও ওই পদে থাকতে চাই না। ইতিমধ্যে কেন্দ্রে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছি। তবে কুমিল্লা জেলা যুবলীগের সাবেক সভাপতি ও হুইপ মো. মুজিবুল হক যখন বলবেন তখনই কমিটি হবে।’