কুমিল্লায় রকিব হত্যার ঘটনায় মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ব্যবসায়ী এ কে এম রকিব উদ্দিন ওরফে মুকুল হত্যাকাণ্ডের ঘটনায় ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সেলিম মিয়াসহ পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গত শুক্রবার নিহত ব্যক্তির স্ত্রী নুরুন নাহার আক্তার ওই মামলা করেন।
মামলার অন্য আসামিরা হলেন ইউপি সদস্য সেলিম মিয়ার ছেলে মো. রাসেল (২২), তাঁর ভাতিজা মো. আরিফ (৩৫), আবদুল করিম (৩৭) ও চৌদ্দগ্রাম উপজেলার মনিকান্তপুর গ্রামের মাহবুবুল হক (৩২)।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ১৩ মে সকাল ৫টা ৩০ মিনিটে আসামিরা লাঠিসোঁটা, রড নিয়ে পূর্বশত্রুতার জের ধরে সাইফুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এরপর সাইফুলের বুকের বাঁ পাশে গুলি করে। পরে তাঁর চিত্কার শুনে সাইফুলের ভাতিজা রিফাত হোসেন ও তাঁর কর্মচারী সাদ্দাম হোসেন রিপন এগিয়ে এলে তাঁদের মাথায় গুলি করা হয়। এরপর বাদীর স্বামী এ কে এম রকিব উদ্দিন চিত্কার শুনে ওই বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন। তখন পথের মধ্যে আসামি মো. আরিফ পিস্তল দিয়ে গুলি করে রকিব উদ্দিনকে হত্যা করে। এ ঘটনায় গুলিবিদ্ধ তিনজনের মধ্যে সাইফুল ও রিফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সাদ্দাম হোসেন রিপন বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।