কুমিল্লায় রহিম হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ডাদেশ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাজাপাড়া গ্রামের চাঞ্চল্যকর আবদুর রহিম হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে কুমিল্লা জেলা ও দায়রা জজ এ আর মাসউদ তাঁর আদালতে ওই রায় দেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাজাপাড়া গ্রামের প্রয়াত তাজুল ইসলামের ছেলে আবুল কাশেম (৩০), একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. মোহসিন (২৫) ও নেউরা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মনির হোসেন (২৭)। মামলার বিবরণে জানা যায়, রাজাপাড়া গ্রামের মালু মিয়ার ছেলে আবদুর রহিমের কাছ থেকে একই গ্রামের আবুল কাশেম স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে ৯০ হাজার টাকা ধার নেন। ২০১১ সালের ৯ জুলাই কাশেম তাঁর দেওয়া স্ট্যাম্প নিয়ে আবদুর রহিমকে রাজাপাড়া চৌমুহনীতে টাকা নেওয়ার জন্য আসতে বলেন। তিনি স্ট্যাম্প নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন বিকেলে সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা লাশ উদ্ধারের খবর পেয়ে তাঁর স্ত্রী নিলুফা আক্তার থানায় যোগাযোগ করেন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে আবদুর রহিমের লাশ শনাক্ত করেন। লাশ উদ্ধারের সংবাদ পেয়ে গ্রামবাসী সন্দেহজনকভাবে কাশেম ও মোহসিনকে আটক করে। পুলিশ ও গ্রামবাসীর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা স্বীকার করেন, ৯০ হাজার টাকা আত্মসাৎ করার জন্য তাঁকে হত্যা করা হয়। পরে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।