কুমিল্লায় রেলপথ পাহারায় মাত্র একটি শাটল ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দুটি স্থানে ফিশপ্লেট তুলে ফেলায় আতঙ্কে রয়েছেন পূর্বাঞ্চলের রেলযাত্রীরা। ওই অঞ্চলের ১৯৯ কিলোমিটার রেলপথের পাহারায় রয়েছে মাত্র একটি শাটল ট্রেন। এ অবস্থায় ঝুঁকি নিয়েই যাত্রীরা গন্তব্যে যাচ্ছেন। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ রেলপথে নিরাপত্তার লক্ষ্যে কুমিল্লার আট উপজেলায় কমিটি গঠন করা হয়েছে।
লাকসাম জংশন সূত্রে জানা গেছে, পূর্বাঞ্চলের লাকসাম জংশনের অধীনে ১৯৯ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে লাকসাম থেকে কুমিল্লা হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পর্যন্ত ৭০ কিলোমিটার, লাকসাম-চাঁদপুর ৫২ কিলোমিটার, লাকসাম-ফেনী ৪৯ কিলোমিটার এবং লাকসাম-নোয়াখালী ২৮ কিলোমিটার পথ রয়েছে। ওই পথে একটিমাত্র শাটল ট্রেন পাহারায় রয়েছে। ওই শাটল ট্রেনে একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে তিনজন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। রেলওয়ের ২০৮ জন নিরাপত্তাকর্মী ২০টি পয়েন্টে ওই দায়িত্ব পালন করে থাকেন। জনবল-সংকটের কারণে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পাহারা দেওয়া সম্ভব হচ্ছে না।
রেলওয়ে সূত্র জানায়, ১ ডিসেম্বর সন্ধ্যার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশনের অদূরে রেললাইনের ফিশপ্লেট তুলে ফেলায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলী এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। এতে ওই ট্রেনের ইঞ্জিন ও ছয়টি বগি লাইনচ্যুত হয়। শতাধিক যাত্রী আহত হন। রেললাইনও ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ২১ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেলযোগাযোগ শুরু হয়। এর আগে গত ২৭ নভেম্বর রাতে কুমিল্লা নগরের অশোকতলা লেভেল ক্রসিংয়ের অদূরে ফিশপ্লেট খুলে ফেলায় ১২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
কুমিল্লার সহকারী স্টেশনমাস্টার সফিকুর রহমান বলেন, জনবল-সংকটের কারণে রেলপথের বিস্তীর্ণ এলাকা পাহারা দিতে বেগ পেতে হচ্ছে। নাগরিকদের অন্তর্ভুক্ত করে বর্তমানে পাহারার কাজ চলছে।
জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, দুর্বৃত্তদের প্রতিহত করার জন্য রেলমন্ত্রীর নির্দেশে কুমিল্লার আট উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে। রেলকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এখন রেলপথ পাহারা দিচ্ছেন। জেলার রেলপথে নিরাপত্তাকর্মী বাড়ানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরে বলা হয়েছে।