কুমিল্লায় রেললাইনের পাশে ২২৬টি অবৈধ স্থাপনা
কুমিল্লার লাকসাম জংশনের আওতাধীন ছয়টি এলাকায় ২২৬টি অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। রেললাইনের ১০ ফুট লাগোয়া জায়গার মধ্যে এসব অবৈধ স্থাপনা গড়ে ওঠে। ঝুঁকিপূর্ণ অবৈধ স্থাপনা নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ তালিকা করেই দায়িত্ব শেষ করে। এসব স্থাপনা উচ্ছেদের ব্যাপারে কর্তৃপক্ষ নির্বিকার বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। বাংলাদেশ রেলওয়ের লাকসাম জংশনের ভারপ্রাপ্ত কানুনগো আবদুল হালিম বলেন, লাকসাম উপজেলার দৌলতগঞ্জে ৮৮টি, খিলায় ৩, মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ৬২, বিপুলাসারে ৩৬, সদর দক্ষিণ উপজেলার বাগমারা বাজারে ২৭ ও কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ১০টি দোকানপাট গড়ে উঠেছে। ওই স্থাপনাগুলোর মধ্যে রয়েছে বসতঘর, চায়ের দোকান, সেলুন, তরকারির বাজার প্রভৃতি। গতকাল মঙ্গলবার দুপুরে দৌলতগঞ্জ বাজারে গিয়ে দেখা গেছে, রেললাইনের গা ঘেঁষেই গড়ে উঠেছে দোকানপাট। জরুরি অবস্থার সময় ওই দোকানপাট যৌথ বাহিনী গুঁড়িয়ে দিলেও সরকারি দলের নেতা-কর্মীদের ছত্রচ্ছায়ায় সেখানে নতুন করে দোকানপাট গড়ে ওঠে। সদর দক্ষিণ উপজেলার বাগমারা বাজারে রেলওয়ের জায়গায় ২৭টি দোকান তৈরি করা হয়েছে। এসব দোকান ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান, সাবেক ইউপি সদস্য এবং অটোবাইক মালিক সমিতি ও বাগমারা বাজার কমিটির দখলে রয়েছে। এ প্রসঙ্গে লাকসাম রেলওয়ে জংশনের ভারপ্রাপ্ত কানুনগো আবদুল হালিম বলেন, সর্বশেষ ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তার কার্যালয়ে অবৈধ স্থাপনার তালিকা পাঠানো হয়। চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা কামাল রেজা বলেন, শিগগিরই অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। জানতে চাইলে রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, ‘শুধু লাকসাম ও কুমিল্লা রেলওয়ে এলাকা নয়, সারা দেশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’