কুমিল্লায় লোটাস কামাল স্পিনিং মিলে আগুন
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই এলাকার লোটাস কামাল স্পিনিং মিলে গতকাল বুধবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার মোটর, নানা যন্ত্রপাতি ও প্লাস্টিক-সামগ্রী পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দমকল বাহিনীর তিনটি দল তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারখানাটি কয়েক দিন ধরে বন্ধ রয়েছে।জানা গেছে, লালমাইয়ে বাংলাদেশ বেতারের লোটাস কামাল স্পিনিং মিলের উত্তর পাশের ভবন থেকে গতকাল বেলা তিনটার দিকে হঠাৎ ধোঁয়া বের হতে থাকে। নিরাপত্তাকর্মীরা বিষয়টি টের পেয়ে দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে কুমিল্লা, বরুড়া ও লাকসামের দমকল বাহিনী তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পর্যাপ্ত উপকরণ ও শ্রমিক-অসন্তোষের কারণে ২০ মার্চ থেকে কারখানাটি বন্ধ।কারখানার স্টোর অফিসার আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের ধারণা, বেলা দেড়টার দিকে কারখানার ভেতরে আগুন লেগেছিল। মনে হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। বন্ধ কারখানার ভেতর বিভিন্ন আকৃতির মোটর, যন্ত্রপাতি ও সুতা তৈরির সামগ্রী রয়েছে। এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন জায়গা থেকে দমকল বাহিনী এসে আগুন নেভায়। কারখানা বন্ধ থাকায় ভেতরে লোক ছিল না।’লোটাস কামাল স্পিনিং মিলের পরিচালক ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন, ‘আমি এখন ঢাকায়। কী কী ক্ষতিগ্রস্ত হয়েছে, জানি না। আর ক্ষতিগ্রস্ত হলে আপনি কি ক্ষতিপূরণ দেবেন?’এর আগে কারখানার শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা বন্ধ রাখার অভিযোগে ২০ মার্চ শ্রমিকেরা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও সদর দক্ষিণের একাংশ) আসনের সাংসদ আ হ ম মুস্তফা কামাল ওই কারখানার চেয়ারম্যান।