কুমিল্লায় লোটাস কামাল স্পিনিং মিলের শ্রমিকেরা গতকাল রোববার সকালে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন। বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে কারখানা বন্ধ রাখার অভিযোগে শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন বলে জানা গেছে। তবে কর্তৃপক্ষ বলছে, সুতার সংকটের কারণে কারখানা সাময়িক বন্ধ করা হয়েছে।কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও সদর দক্ষিণের একাংশ) আসনের সাংসদ আ হ ম মুস্তফা কামালের মালিকানাধীন কারখানাটির অবস্থান কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই এলাকায় বাংলাদেশ বেতার কার্যালয়ের পাশে। লোটাস কামালের ভাই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার ওই কারখানার অন্যতম পরিচালক।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে শ্রমিকেরা লোটাস কামাল স্পিনিং মিলে কাজ করতে গিয়ে দেখেন কারখানার ফটক বন্ধ। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণার নোটিশ টানানো হয়েছে। ওই নোটিশ দেখে কারখানার শত শত শ্রমিক বিক্ষোভ মিছিল করেন। তাঁরা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ব্যারিকেড দেন। ওই সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শ্রমিক অভিযোগ করেন, শ্রমিকদের না জানিয়ে হঠাৎ করে কারখানা বন্ধ করে দেওয়ায় তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তা ছাড়া বকেয়া বেতনও পরিশোধ করেনি মালিকপক্ষ। কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আলী আকবর গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকেরা এক মাসের বেতন-ভাতা না পাওয়ায় বিক্ষোভ করেন। আমরা কারখানার সুতা না থাকার কারণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই তাঁদের বেতন-ভাতা পরিশোধ করা হবে।’ কুমিল্লা সদর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত হোসেন কারখানায় শ্রমিক অসন্তোষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।