কুমিল্লায় শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় গতকাল শুক্রবার দুপুরে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ওই সময়ে কোটবাড়ি এলাকায় বেশ কয়েকটি মাইক্রোবাস ও খাবারের দোকান ভাঙচুর করেন শিবিরের নেতা-কর্মীরা।সংঘর্ষে চার পুলিশসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে তিন শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে গতকাল বেলা দুইটার দিকে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ঝটিকা মিছিল বের করে ছাত্রশিবির। মিছিলে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের প্রায় ২০০ নেতা-কর্মী ছিলেন। মিছিলটি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় এলে পুলিশ বাধা দেয়। এ সময় শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মিছিলের পেছনে থাকা শিবিরের কয়েকজন কর্মী কোটবাড়ি এলাকায় কয়েকটি মাইক্রোবাস ও খাবারের দোকানে ভাঙচুর শুরু করেন। পুলিশ বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। শিবিরের কর্মীদের হামলায় কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম, সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আকুল চন্দ্র বিশ্বাস, কনস্টেবল জাহাঙ্গীর আলম ও আল আমিন আহত হন। পুলিশ লাঠিপেটা করলে শিবিরের কোটবাড়ি এলাকার স্কুল শাখার সভাপতি আবদুল কাদের (২২) ও সদস্য সজিব মিয়া (১৮), পথচারীসহ অন্তত ১০ জন আহত হন।এ সময় ঘটনাস্থল থেকে মহানগর শিবিরের সদস্য আবদুল্লাহ আল নোমান, সংগঠনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সদস্য মাহবুব আলম ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখার সদস্য রুহুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ।কুমিল্লা নগর শিবিরের সভাপতি কামরুজ্জামান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে গুলি করে আবদুল কাদেরকে আহত করেছে। কাদেরের চোখে, হাতে ও বুকে গুলি বিদ্ধ হয়। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। কাদেরের বাড়ি নাঙ্গলকোট উপজেলার তুলাগাঁও গ্রামে।’ কুমিল্লার সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, ‘পুলিশ কাউকে গুলি করেনি। শিবিরের নেতা-কর্মীরা পূর্বপ্রস্তুতি নিয়ে ঝটিকা মিছিল বের করেন। বাধা দিলে আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় সদর দক্ষিণ থানায় পুলিশ মামলা করেছে।’ছাত্রলীগ ও ছাত্রদলের মিছিল: এর আগে গতকাল সকালে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ছাত্রদল বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করে।