কুমিল্লায় শ্বাসরোধ করে যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জের ধরে কুমিল্লার টিক্কারচর এলাকায় মোশারফ হোসেন (২৭) নামের এক যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে হত্যা মামলা করে। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ফুটবল খেলা নিয়ে শুভপুর এলাকার রাজিব হোসেন, সুমন মিয়া ও আনোয়ার হোসেনের সঙ্গে শনিবার বিকেলে মোশারফের ঝগড়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে রাজিবের নেতৃত্বে একদল সন্ত্রাসী শুভপুর এলাকা থেকে মোশারফকে ধরে নিয়ে যায়। এরপর টিক্কারচর সড়কের পাশে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোশারফের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মোশারফের গলার নিচে দাগ রয়েছে। গতকাল সোমবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।